মুহতারাম! এক মেয়ের একটি ছেলের সাথে সম্পর্ক ছিলো, তখন ছেলেটি তাকে বিয়ের জন্য বললে মেয়েটি রাজি হয়ে যায়। এবং তারা দুজনে মিলে একটি কাগজে স্বাক্ষর করে যাতে উভয়ের পিতার নাম, জন্মস্থান, জন্ম তারিখ এবং ১ লক্ষ ২০ হাজার টাকা মোহর নির্ধারণ ছিল। কিন্তু ঐসময় তাদের মধ্যে সাক্ষী ছিল না। ঐকাগজটি পরবর্তীতে কোন কারণে হারিয়ে যায়। কিন্তু ছেলেটি কয়েকজনের মাঝে এই বিষয়টি উল্লেখ করে বলেছে যে, আমি অমুককে এভাবে বিয়ে করেছি। কিন্তু উক্ত স্বীকারোক্তি মূলক মজলিসে মেয়েটি কিংবা উক্ত স্বাক্ষরকৃত কাগজ কোনোটি উপস্থিত ছিলোনা। মেয়েটির পরিবার মেয়েটির জন্য ছেলে খুঁজছে। কিন্তু ছেলেটির দাবি তার সাথে মেয়েটির বিবাহ হয়ে গেছে। জানার বিষয় হল; ইসলামী শরিয়া অনুযায়ী তাদের বিয়ে কি হয়ে গেছে? এক্ষেত্রে করণীয় কি?

 

নিবেদক: আশরাফ জিয়া

 

الجواب بملهم الصدق والصواب

 

শরীয়তের দৃষ্টিতে বিবাহ সহিহ হওয়ার জন্য সাক্ষীদের উপস্থিতিতে মৌখিক ইজাব কবুল করা শর্ত। ফলে সাক্ষী ছাড়া ছেলে-মেয়ে একাকী লিখিত বা মৌখিক কোন ভাবে পরস্পর ইজাব কবুলের মাধ্যমে বিবাহ করলে শরয়ী মতে উক্ত বিবাহ সংঘটিত হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ছেলেমেয়ে লিখিতভাবে সাক্ষী ছাড়া বিবাহ করায় তাদের বিবাহ সংঘটিত হয়নি। এক্ষেত্রে বিবাহ শুদ্ধ হওয়ার জন্য মেয়ের অভিভাবকের সম্মতিতে সাক্ষীর উপস্থিতিতে নতুন করে আকদ সম্পন্ন করতে হবে।

রেফারেন্স: (বেলায়াতুল মুনতাসি ৩/৫ বুশরা, বেনায়া৫/১২ যাকারিয়া, শরহে হিকাস- ৪০৭৫)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল