রফিক সাহেব গ্রামের বয়স্ক ব্যক্তিদের কোরআন শিক্ষা আসরের জন্য একটি জমি ওয়াকফ করেন। পাশাপাশি শর্ত দেন যে, কোনো দিন এ কোরআন শিক্ষা আসর বন্ধ হয়ে গেলে তিনি অথবা তাঁর ওয়ারিশরা জমিটি ফেরত নিতে পারবেন। বর্তমানে ওই কোরআন শিক্ষা আসর বন্ধ হয়ে গেছে। এখন কি জমিটি মালিক ফেরত নিতে পারবেন? এভাবে ওয়াকফ করা সহিহ হয়েছিল কি?

 নিবেদন: মুহাঃ জুবায়ের আহমদ (ফেনী)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের বিধান অনুযায়ী, ওয়াকফ সহিহ হওয়ার অন্যতম পূর্বশর্ত হলো স্থায়ীভাবে ওয়াকফ করা। অস্থায়ীভাবে ওয়াকফ করলে তা ওয়াকফ হিসেবে গণ্য হয় না; বরং সম্পদ মালিকের মালিকানাতেই থেকে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে রফিক সাহেব কোরআন শিক্ষা আসরের কার্যক্রম চালু থাকার শর্তে জমিটি ওয়াকফ করায় এ ওয়াকফ অস্থায়ী বলে গণ্য হবে। ফলে ওয়াকফটি সহিহ হয়নি; বরং জমিটি তাঁর মালিকানায় থেকে গেছে। তাই তিনি উক্ত জমিতে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে পারবেন।

তথ্যসূত্র: রদ্দুল মুহতার (শামী), ৬/৬৬৫, যাকারিয়া তাবয়ীনুল হাকায়েক, ৪/২৬৯, যাকারিয়া দুররুল মুখতার, ৬/৬৪৯, যাকারিয়া


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল