আমাদের ঈদগাহটি অনেক বড়। এক অংশে নিয়মিত নামাজ হয়। অপর অংশটি কিছুটা নিচু হওয়ায় সেখানে অনেক দিন যাবৎ নামাজ হয় না। এলাকার দরিদ্র রাশেদ খান ওই নিচু জমিটি চাষ করে খান। এখন কেউ বলছেন, দরিদ্র মানুষ হওয়ায় তিনি সেখানে চাষ করতে পারবেন। আবার কেউ বলছেন, ওয়াকফের জমিতে কোনো কিছু করা যাবে না। প্রশ্ন হলো, রাশেদ খান ওই জমি থেকে ফসল উৎপাদন করতে পারবেন কি না? তাঁর দারিদ্র্য এ বিধানের ওপর কোনো প্রভাব ফেলবে কি না?
বিনীত নিবেদন: মুহাম্মদ রাকিবুল ইসলাম (দিনাজপুর)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী, ঈদগাহ মসজিদের মতো সম্মান ও মর্যাদার স্থান। আর নির্দিষ্ট খাতের জন্য ওয়াকফকৃত জমি অন্য খাতে ব্যবহারের অনুমতি নেই। তবে প্রয়োজন না থাকলে সাময়িকভাবে ভাড়া দেওয়ার বৈধতা রয়েছে।
সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় উক্ত জমিটি যেহেতু ঈদগাহের জন্য ওয়াকফকৃত এবং একসময় সেখানে ঈদের নামাজও আদায় করা হয়েছে, তাই সেটি মসজিদের মতো পবিত্র ও সম্মানিত স্থান হিসেবে বিবেচিত হবে। এতে অন্য কোনো কাজ করার অবকাশ নেই।
প্রয়োজনাতিরিক্ত ওয়াকফকৃত জমি সাময়িকভাবে ভাড়া দেওয়ার অনুমতি থাকলেও চাষাবাদের ক্ষেত্রে সাধারণত পচনশীল সার ও গোবরজাতীয় নাপাক বস্তু ব্যবহার করা হয়। তাছাড়া মানুষ সেখানে পেশাব-পায়খানাও করে থাকে। যা পবিত্র স্থানের মর্যাদার পরিপন্থী। তাই ভাড়া দিয়েও ঈদগাহের জমিতে চাষাবাদ করতে দেওয়া বৈধ হবে না।
তথ্যসূত্র: রদ্দুল মুহতার, ৬/৬৪৯—যাকারিয়া; তাবয়িনুল হাকায়েক, ৪/২৬৭—যাকারিয়া; ইমদাদুল আহকাম, ৩/২৫৫—দারুল উলুম করাচি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ
জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল
ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল