হযরত! আগামী বছর আমার আম্মুও আব্বুকে নিয়ে হজে যাবেন, ইনশাআল্লাহ। আম্মু হজ পালনকারী দাদির কাছ থেকে জানতে পারেন যে, মুযদালিফায় অনেক ভিড় হওয়ায় অনেক ভোগান্তির শিকার হতে হয়। আম্মু এ কথা শুনে বলেন, তাহলে আমি প্রচণ্ড ভিড়ের কারণে মুযদালিফায় যাব না। আর আব্বু শুনে বলেন, আমার শরীর দুর্বল হওয়ায় আমিও যাব না। জানার বিষয় হলো, তাঁদের এমন কার্যকলাপের পর হজ আদায় করলে কোনো ত্রুটি হবে কি না? বিস্তারিত জানতে চাই।

নিবেদক: মুহাম্মাদ আবু সালেহ।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে হজের ক্ষেত্রে মুযদালিফায় অবস্থান করা ওয়াজিব। শরয়ী কোনো ওজর ব্যতীত মুযদালিফায় অবস্থান না করলে জরিমানা স্বরূপ একটি দম তথা কোরবানি আরোপিত হয়।

অবশ্য শরয়ী ওজর যেমন অতিশয় দুর্বলতা, অসুস্থতা এবং মহিলাদের জন্য প্রচণ্ড ভিড়ের কারণে মুযদালিফায় অবস্থান না করার অবকাশ আছে।

সুতরাং হজ আদায় করতে গিয়ে আপনার আব্বু-আম্মু যদি বাস্তবিক পক্ষেই দুর্বলতা ও ভিড়ের দরুন উভয়ে মুযদালিফা ত্যাগ করে থাকেন, তাহলে এর দ্বারা তাঁদের হজে কোনো ত্রুটি হবে না। অন্যথায় সামান্য বাহানায় এমন করলে তাঁদের ওপর একটি করে দম আরোপিত হবে। আর হজে যাওয়ার পূর্বেই এভাবে কোনো বিধান পালন না করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা কোনোভাবেই সমীচীন নয়।

রেফারেন্স: রা আল-বাকারা, আয়াত ১৯৮। ল-ফিকহুল হানাফি, ১/৪৬৪। mওয়ায়ে হিন্দিয়া, ১/৪৬৪।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল