মুহতারাম! মুফতি সাহেব, আমার চাচা জনাব আশফাক সাহেব একজন শিক্ষিত ও যত্নবান ব্যক্তি ছিলেন। তিনি হজে যাওয়ার পর করোনা ভাইরাস ও অন্যান্য ধূলাবালুর ভয়ে মাস্ক পরে হজের সব আহকাম পালন করেছেন এবং তিনি বলেছেন, উত্তরের কারণে মাস্ক পরতে কোনো অসুবিধা নেই। জানার বিষয় হলো, মাস্ক পরে হজের আহকাম পালন করার কারণে আমার চাচার ওপর কোনো দম ইত্যাদি আসবে কি না? উল্লেখ্য, সরকারিভাবে মাস্ক পরার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিল না।

নিবেদক: আব্দুল্লাহ আশরাফ।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে মুহরিম ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় মুখ খোলা রাখা আবশ্যক। ফলে কেউ বিনা ওজরে একদিন বা তার চেয়ে বেশি সময় মুখের এক-চতুর্থাংশ পরিমাণ ঢেকে রাখলে তার ওপর দম আরোপিত হয়।

অবশ্য তা শরয়ী ওজরের কারণে হয়ে থাকলে সেক্ষেত্রে একটি কোরবানি, তিন দিন রোজা অথবা সদকাতুল ফিতর পরিমাণ দান, জরিমানা স্বরূপ এই তিনটির যেকোনো একটি পালন করাই যথেষ্ট হবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার চাচা জনাব আশফাক সাহেব মাস্ক পরিহিত অবস্থায় পূর্ণ হজ পালন করার ক্ষেত্রে মাস্ক তাঁর চেহারার এক-চতুর্থাংশ পরিমাণ চওড়া হয়ে থাকলে জরিমানা স্বরূপ একটি দম দেওয়া আবশ্যক। অন্যথায় তাঁর ওপর এক সদকাতুল ফিতর পরিমাণ দান করা আবশ্যক।

উল্লেখ্য, সরকারি বাধ্যবাধকতা না থাকায় মাস্ক পরিধানের ব্যাপারে সাধারণ ধুলাবালি ওজর হিসেবে গণ্য হবে না।

রেফারেন্স: সুনানে আবু দাউদ, ১/২৫৪, হাদিস ১৮৩২। সহিহ মুসলিম, হাদিস ১২০৬। গুনিয়াতুন নাসিক, পৃষ্ঠা ২৫৪। ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৩/৫৭৮, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল