মুহতারাম! কায়েম সাহেব কোম্পানিতে চাকরি করেন। তাঁর কাছে হজ ফরজ হওয়ার মতো টাকা নেই। কিন্তু প্রভিডেন্ট ফান্ডে পাঁচ-ছয় লাখ টাকার মতো আছে। তিনি চাইলে তা উঠাতে পারেন। এখন জানার বিষয় হলো, তাঁর ওপর হজ ফরজ কি না?

নিবেদক: আবদুল্লাহ আল-মামুন মণ্ডল।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী মূলনীতি অনুযায়ী, শ্রমের বিনিময় ‘কবজ’ তথা নিজ কর্তৃত্বে আসার পূর্বে তাতে পূর্ণ মালিকানা অর্জিত হয় না। সাধারণত প্রভিডেন্ট ফান্ডের টাকা যেহেতু দেওয়ার আগেই কর্তন করা হয়, তাতে কবজ হয় না এবং চাইলেই যেকোনো সময় তা উত্তোলন করা যায় না, তাই তার ওপর হজ-যাকাতের হুকুম আরোপিত হয় না।

তবে যদি তাঁর পক্ষ থেকে কোম্পানির কেউ কবজ করে জমা রাখে, তাহলে উক্ত টাকার ওপর হজ-যাকাতের বিধান আরোপিত হবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে বর্ণিত প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকা যদি বর্ণিত নীতি অনুযায়ী কবজ-পরবর্তী জমা হয়ে থাকে এবং তা হজের নেসাব পরিমাণ হয়, তাহলে এর দ্বারা তাঁর ওপর হজ ফরজ হবে। অন্যথায় নয়।

রেফারেন্স: সূরা আলে ইমরান, আয়াত ৯৭। কুদূরী, পৃষ্ঠা ২০০, বুশরা। জাওয়াহিরুল ফিকহ, ৩/২৬৪, মাকতাবা যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল