মুহতারাম! বর্তমানে বাংলাদেশের কিছু অঞ্চলে বন্যা হওয়ায় তথাকথিত কিছু বুদ্ধিজীবী এ বছর হজ না করে হজের অর্থ বন্যাকবলিত মানুষের মাঝে দান করে দেওয়ার পরামর্শ দেন। জানার বিষয় হলো, এভাবে হজ না করে হজের অর্থ দান করে দেওয়া যাবে কি না? যদি দেওয়া না যায়, তাহলে যারা এ বিষয়ে পরামর্শ দিয়েছেন, তাঁদের ব্যাপারে ইসলাম কী বলে?

নিবেদক: আইয়ুব আলী।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়া মতে, কারো ওপর হজ ফরজ হলে এবং হজ আদায়ের সকল শর্ত বিদ্যমান থাকলে তাঁর জন্য হজ করা আবশ্যক। হজ আদায় না করে দ্বীনের অন্যান্য খাতে অর্থ ব্যয়ের মাধ্যমে হজের ফরজিয়ত আদায় হয় না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে হজ না করে হজের অর্থ দান করা যাবে না। আর যারা হজের অর্থ বন্যাকবলিত এলাকায় দান করে দেওয়ার পরামর্শ দিয়েছেন, এর দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ পেলেও ফরজ হজ বিলম্বে আদায়ের পরামর্শ দেওয়ায় তাঁরা গুনাহগার হবেন। অবশ্য নফল হজের ক্ষেত্রে এমন পরামর্শ দেওয়াতে কোনো সমস্যা নেই।

রেফারেন্স: ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৩/২৮৬, যাকারিয়া। গুনিয়াতুন নাসিক, পৃষ্ঠা ৩০। তুহফাতুল ফুকাহা, পৃষ্ঠা ৭১৪, মারুফিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল