মুহতারাম! একদিন এক কলেজের অধ্যক্ষ সাহেব আমাকে বললেন, হুজুর! আমার মাথায় তো চুল নেই। আমি একবার হজে গিয়েছিলাম। তারপর দেখলাম, সবাই ১০ তারিখে হলক তথা মাথার চুল ফেলে দিচ্ছে। কিন্তু আমার মাথায় যেহেতু চুল নেই, তাই আমি কিছুই করিনি এবং বাংলাদেশে চলে এসেছি। জানার বিষয় হলো, যাদের মাথায় চুল নেই, তাদের চুল কাটার নিয়ম কী এবং উক্ত অধ্যক্ষ সাহেবের হজের বিধান কী? জানালে ভালো হয়।

নিবেদক: মাকসুদুল হাসান।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তে হজ আদায়কারী ব্যক্তি হালাল হওয়ার জন্য মাথার চুলের এক-চতুর্থাংশ কাটা বা হলক করা ওয়াজিব। আর মাথায় টাক থাকলে বা চুল না থাকলে ক্ষুর ইত্যাদি দিয়ে মাথার চুল ছেঁচে ফেলা ওয়াজিব। আর হারামের বাইরে বা কোরবানির দিনগুলোর পরে হলক করলে দম ওয়াজিব হয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে যার মাথায় চুল নেই, তার জন্য ক্ষুর ইত্যাদি দিয়ে মাথা ছেঁচতে হয়। আর অধ্যক্ষ সাহেবের মাথা যেহেতু টাক, তাই তাঁর মাথায় ক্ষুর চালাবেন এবং হালাল হয়ে যাবেন। বিলম্বে ও হারামের বাইরে হলক করার কারণে তাঁর জন্য দুটি দম ওয়াজিব হবে। আর হলকের মাধ্যমে হালাল হওয়ার পূর্বে কোনো নিষিদ্ধ কাজ করলে জরিমানা দিতে হবে।

রেফারেন্স: আদ্দুররুল মুখতার, ৩য় খণ্ড, পৃষ্ঠা ৬৬৬, আজহার। ফাতাওয়ায়ে শামী, ৩য় খণ্ড, পৃষ্ঠা ৬৬৬, আজহার। ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১ম খণ্ড, পৃষ্ঠা ২৯৫, যাকারিয়া। মুয়াল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা ১৯০, বুশরা।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল