মুহতারাম! আম্মার সাহেবের হজের ফ্লাইট সন্ধ্যা ৭টায়। বাসা থেকে বের হলেন ৩ ঘণ্টা আগে। রাস্তায় কী ঝামেলা! মিস করলেন ফ্লাইট। এ বছর আর ফ্লাইট মিলবে না, এটা নিশ্চিত হলো। তিনি বাসা থেকে ইহরাম সম্পন্ন করে বের হয়েছেন। জানার বিষয়, এহেন পরিস্থিতিতে তিনি কী করবেন?

নিবেদক: মাহদী হাসান।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে ইহরাম বাঁধার পর হজ আদায়ে বাধাগ্রস্ত ব্যক্তি হারামে একটি জন্তু জবাই করার মাধ্যমে হালাল হয়ে যান। চুল ছোট করা কিংবা মুন্ডানো মুস্তাহাব। পরবর্তীতে উমরা ও হজ কাজা করা আবশ্যক।

সুতরাং প্রশ্নোল্লিখিত সুরতে আম্মার সাহেব যেহেতু ইহরাম বাঁধার পর ফ্লাইট মিস করার কারণে নিশ্চিত হলেন, এ বছর তিনি আর হজ করতে পারবেন না, তাই তিনি বাধাগ্রস্ত ব্যক্তির অন্তর্ভুক্ত। তাঁর জন্য করণীয় হলো, একটি হাদি বা তার মূল্য হারামে পাঠিয়ে দেওয়া। যখন হাদি জবাই করা হবে, তিনি হালাল হয়ে যাবেন। পরবর্তী বছর একটি হজ ও একটি উমরা কাজা করে নেবেন। আর যদি তিনি হজে কিরানের ইহরাম বেঁধে থাকেন, তাহলে দুটি হাদি পাঠাতে হবে এবং এক হজ ও দুটি উমরা কাজা করতে হবে।

রেফারেন্স: ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/২৫৫, যাকারিয়া। ইখতিসারুর রিওয়ায়াহ, ১/৩৩৫, দারুল কুতুবিল ইলমিয়া। আহসানুল ফাতাওয়া, ৪/৫৯, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল