মুহতারাম! মারিয়ামের বাবা তাঁর পরিবারসহ হজে যাচ্ছেন। সঙ্গে মারিয়ামও যাচ্ছেন। কিন্তু মারিয়ামের স্বামী এতে সন্তুষ্ট নন। তিনি মারিয়ামকে বলেন, আমরা পরে একসঙ্গে হজে যাব। কিন্তু মারিয়াম বাবার সঙ্গেই হজে যান। জানার বিষয় হলো, স্বামীকে অসন্তুষ্ট রেখে স্ত্রীর হজে যাওয়া বৈধ কি না? এ ক্ষেত্রে মারিয়ামের করণীয় কী?
নিবেদক: মাহমুদ বিন সফি।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে ফরজ হজ আদায়ের উদ্দেশ্যে স্বামীর বাধা উপেক্ষা করে স্ত্রী তাঁর মাহরামের সঙ্গে হজে যাওয়া শরিয়াবিরোধী নয়। পক্ষান্তরে হজ নফল কিংবা মানতের হলে স্বামীর অনুমতি আবশ্যক।
সুতরাং প্রশ্নোল্লিখিত সুরতে মারিয়ামের ওপর যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে তিনি তাঁর স্বামীর বাধা উপেক্ষা করে বাবার সঙ্গে হজে যাওয়াতে কোনো সমস্যা নেই। তবে নফল কিংবা মানতের হজের জন্য মারিয়াম তাঁর স্বামীকে অসন্তুষ্ট রেখে বাবার সঙ্গে হজে যাওয়া বৈধ হবে না। বরং তাঁর জন্য করণীয় হচ্ছে স্বামীর হক আদায় করা।
রেফারেন্স: মুহিতুল বুরহানি, ৩/৩৯৪, এদারাতুল কুরআন। কাজী খান, ১/১৭৩, যাকারিয়া। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ১/৩২৫, দারুল ইশায়াত।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল