মুহতারাম! শহীদ সাহেব নকল ভিসা বানিয়ে বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে জেদ্দা পর্যন্ত পৌঁছান এবং সেখান থেকে মক্কা নগরীতে প্রবেশ করেন। সেখানে তিনি মুহরিম অবস্থায় পুলিশের কাছে গ্রেফতার হন। জানার বিষয় হলো, জনাব শহীদ সাহেবের ওপর কি হজ ফরজ এবং এখন তিনি কীভাবে হালাল হবেন? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আবু বাসীর।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে হজ আদায় আবশ্যক হওয়ার জন্য শর্ত হচ্ছে যাতায়াতের ব্যবস্থা নিরাপদ হওয়া। সুতরাং যার যাতায়াতের ব্যবস্থা নিরাপদ নয়, তার হজ আদায় করাও আবশ্যক নয়। পাশাপাশি কোনো ব্যক্তি হজের ইহরাম বাঁধার পর তা পূর্ণ করা আবশ্যক হয়ে যায়। যদি তিনি হজ পালনে বাধাপ্রাপ্ত হন, তাহলে হাদি জবাই করার মাধ্যমে হালাল হবেন এবং পরবর্তীতে একটি হজ ও একটি উমরা কাজা আদায় করে নেবেন।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে শহীদ সাহেব সরকারি ভিসা না পাওয়ায় তাঁর ওপর হজ আদায় করা আবশ্যক ছিল না। কিন্তু তিনি নকল ভিসা দিয়ে মক্কায় পৌঁছে ইহরাম বাঁধার কারণে হজ পূর্ণ করা তাঁর ওপর আবশ্যক হয়ে গেছে। অতঃপর মুহরিম অবস্থায় পুলিশের কাছে গ্রেফতার হওয়ায় এখন তাঁর ওপর আবশ্যক হচ্ছে হাদি তথা পশু জবাই করার মাধ্যমে ইহরাম থেকে হালাল হওয়া এবং পরবর্তীতে একটি হজ ও একটি উমরা কাজা আদায় করা।
রেফারেন্স: ফাতাওয়ায়ে শামী, ৩/৫৫৬, আজহার। গুনিয়্যাতুন নাসিক, পৃষ্ঠা ১১২। মুখতাসারুল বিকায়া, ১/২৮৩, দারুল কুতুব।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল