মুহতারাম! আব্দুল আযীয সাহেবের তিন ছেলে। সবাই ব্যবসা করেন। সবার আলাদা আলাদা ব্যবসা হলেও লভ্যাংশ সবাই বাবার কাছে জমা দেন। বাবা প্রয়োজন অনুযায়ী খরচ করে বাকি অংশ জমা করে রাখেন। এ বছর দেখা গেল, জমা হওয়া টাকা দিয়ে তাঁদের সকলে হজ করতে পারবেন। জানার বিষয় হলো, তাঁদের সবার ওপরই কি হজ ফরজ হবে, নাকি বাবার ওপর?
নিবেদক: রাকিবুল ইসলাম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে প্রয়োজনাতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে হজ ফরজ হয়ে যায়। সুতরাং প্রশ্নোক্ত আব্দুল আযীয সাহেবের তিন ছেলে আলাদা আলাদা ব্যবসা করেন, তাই ব্যবসার লভ্যাংশের মালিকও তাঁরাই। তাই বাবার কাছে জমাকৃত টাকা থেকে খরচ করার পর যদি অবশিষ্ট টাকা তাঁর নিকট আমানত হিসেবে জমা রাখেন, তাহলে এক্ষেত্রে মালিক হিসেবে আব্দুল আযীযের ছেলেদের ওপরই হজ ফরজ হবে। তবে যদি টাকাগুলো বাবাকে মালিক বানিয়ে দেন, তাহলে কেবল বাবার ওপর হজ ফরজ হবে।
রেফারেন্স: কুদুরী, পৃষ্ঠা ২০০, বুশরা। মাজমাউল বাহরাইন, পৃষ্ঠা ২১৭, দারুল কুতুব। নূরুল ইযাহ, পৃষ্ঠা ২৬৫, মাকতাবাতুস সালাম।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল