মুহতারাম! বাংলাদেশের হাজীগণ সাধারণত প্লেনে ওঠার পূর্বেই ইহরাম বেঁধে ফেলেন। প্লেনে ওঠার পর তাঁদের যে টিস্যু দেওয়া হয়, তাতে সাধারণত সুগন্ধ থাকে এবং যে খাবার দেওয়া হয়, তাতেও অনেক সময় সুগন্ধ থাকে। জানার বিষয় হলো, এমন টিস্যু ব্যবহার এবং খাবার আহারের কারণে কোনো ক্ষতি হবে কি? এক্ষেত্রে করণীয় কী?
নিবেদক: শাহাদাত হুসাইন।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
হজের ফ্লাইটগুলোতে সাধারণত ঘ্রাণ ও অন্যান্য নিষিদ্ধ বিষয়াদি এড়িয়ে চলা হয়ে থাকে। তথাপি কোথাও তার প্রমাণ পাওয়া গেলে সুগন্ধযুক্ত রান্নাকৃত খাবার আহার করার দ্বারা মুহরিম ব্যক্তির ওপর কোনো কিছু আবশ্যক হয় না। আর রান্নাবিহীন খাবারের ক্ষেত্রে সুগন্ধ প্রাধান্য পেলে উক্ত খাবার অল্প আহার করলে সদকা আর বেশি আহার করলে দম আবশ্যক হয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে হাজীদেরকে এহরাম অবস্থায় প্লেনে যে সুগন্ধযুক্ত খাবার দেওয়া হয়, তা যদি রান্না করা হয়, তাহলে কোনো কিছু আবশ্যক হয় না। আর রান্নাবিহীন হলে এবং সুগন্ধের আধিক্য থাকলে উক্ত খাবার অল্প মাত্রায় আহার করলে সদকা আবশ্যক হবে আর বেশি হলে দম আবশ্যক হবে। ঠিক একই হুকুম সুগন্ধযুক্ত পানীয়ের ক্ষেত্রে। আর ব্যবহৃত টিস্যুতে সুগন্ধ থাকায় মাকরূহ হবে, তবে কোনো কিছু ওয়াজিব হবে না।
রেফারেন্স: মুসান্নাফে ইবনে আবী শাইবা, ৮/৪৯৫, মুআস্সাসাতু উলুমিল কুরআন। উমদাতুর রিআয়া, ২/৬২০, দারুল কুতুব। ফাতহুল কাদির, ৩/২৩, রশিদিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল