মুহতারাম! আমার বাড়ির পাশে মাওলানা সিদ্দীকুর রহমান সাহেব প্রায় প্রত্যেক বছরই হজ করতে যান। এভাবে তিনি প্রায় ১৮ বছর হজ করেছেন। এটা দেখে তাঁর সমাজের লোকেরা বলেন, হুজুরের এত বছরের নফল হজ করার কী দরকার? সেই টাকাগুলো দিয়ে সমাজের দুঃস্থ-অসহায় মানুষের প্রয়োজনে খরচ করা আরও বেশি সওয়াবের কাজ। জানার বিষয় হলো, তাঁর জন্য বারবার নফল হজ করা সঠিক, নাকি সেই টাকা দিয়ে সমাজের অসহায়দের সাহায্য করা সঠিক? এতে শরীয়তের হুকুম কী? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: শরীফুল ইসলাম।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে নফল হজ ও নফল সদকা উভয়টি সওয়াবের কাজ হিসেবে স্বীকৃত। তবে পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে ক্ষেত্রবিশেষে একটি অপরটির চেয়ে উত্তম সাব্যস্ত হয়। যেমন, কোনো এলাকায় যদি দুর্ভিক্ষ দেখা দেয় কিংবা যে এলাকার লোকজনের অন্ন-বস্ত্র তথা দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় আসবাবের ব্যবস্থা করার সামর্থ্য না থাকে,

তবে সেখানকার সরকার, জনপ্রতিনিধি তথা এ ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের অভাব দূরীকরণে সচেষ্ট না হন, পাশাপাশি উক্ত নফল হজ আদায়কারী ব্যতীত অন্য কোনো ধনী ব্যক্তিও ঐ এলাকায় না থাকলে, তাহলে সেক্ষেত্রে নফল হজের তুলনায় নফল সদকা উত্তম হবে। সুতরাং প্রশ্নোল্লিখিত বিষয়টি উপরিউক্ত নীতিমালার আলোকে নির্ণীত হবে।

রেফারেন্স: মুলতাকাত, পৃষ্ঠা ৯৩, দারুল ঈমান। গুনিয়্যাতুন নাসিক, পৃষ্ঠা ৩১৩, দারুর রায়েদা। রদ্দুল মুহতার, ৪/৫৪, আযহার।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল