মুহতারাম! জনৈক ব্যক্তি হজের ইহরাম বাঁধার সময় বেহুঁশ হয়ে যান। অতঃপর তাঁর হজের কাফেলার এক ব্যক্তি জোরে আওয়াজ করে তালবিয়া পড়ে তাঁকে ইহরাম পড়িয়ে দেন। উক্ত বেহুঁশ ব্যক্তি হুঁশ ফিরে আসার পর ইহরাম নবায়ন না করেই হজ পালন করেন। জানার বিষয় হলো, উক্ত ব্যক্তির হজ সহিহ হয়েছে কি?

নিবেদক: মুহিদুল্লাহ, চাটগামী।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


ফুকাহায়ে কেরামের প্রাধান্যপ্রাপ্ত মতানুযায়ী, কেউ হজের নিয়তে বের হওয়ার পর বেহুঁশ হয়ে গেলে তাঁর কোনো সফরসঙ্গী তাঁর পক্ষ থেকে ইহরাম বাঁধার সুযোগ আছে। হুঁশ ফেরার পর সেই ইহরাম তাঁর জন্য যথেষ্ট।

অতএব, প্রশ্নোক্ত সূরতে জনৈক ব্যক্তি হজের নিয়ত করে বের হওয়ার পর বেহুঁশ হয়ে যাওয়ায় কাফেলার এক ব্যক্তি তালবিয়া পড়ে ইহরাম বাঁধার দ্বারা তাঁর ইহরাম সহিহ হয়ে গেছে। পরবর্তীতে ইহরাম নবায়ন না করে সেই ইহরামে হজ পালন করার দ্বারা তাঁর হজও সহিহ হয়েছে।

রেফারেন্স: মাজমাউল বাহরাইন, পৃষ্ঠা ২৩৪, দারুল কুরুব। গুনিয়াতুন নাসিক, পৃষ্ঠা ১৩৪, দারে রায়েন্দা। হিদায়া, ২/৫২৪, রশিদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল