আব্দুল্লাহ সাহেব ও আব্দুর রহমান সাহেব দুই ভাই হজে যান। তাওয়াফের পূর্বমুহূর্তে আব্দুল্লাহ সাহেব বেহুঁশ হয়ে যান। ফলে আব্দুর রহমান সাহেব তাঁর পক্ষ থেকে আব্দুল্লাহ সাহেবকে তাওয়াফ করান। কিন্তু তিনি আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে নিয়ত করেননি। জানার বিষয় হলো, আব্দুল্লাহ সাহেবের তাওয়াফ আদায় হয়েছে কি না? বেহুঁশ বা মাজুর ব্যক্তিকে কেউ তাওয়াফ করালে তাঁর পক্ষ থেকে নিয়ত করা জরুরি কি না? এবং এর বিনিময়ে উজরত নেওয়া বৈধ কি না?

নিবেদক: আশরাফ জিয়া।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে তাওয়াফ সহিহ হওয়ার জন্য নিয়ত শর্ত। চাই তাওয়াফ নিজে করুক বা বেহুঁশ ব্যক্তি হলে অন্য কেউ তার পক্ষ থেকে তাকে তাওয়াফ করাক। সুতরাং প্রশ্নোক্ত সূরতে যেহেতু আব্দুল্লাহ সাহেব বেহুঁশ হওয়ার কারণে আব্দুর রহমান সাহেব তাঁকে তাওয়াফ করান, কিন্তু তিনি তাঁর পক্ষ থেকে নিয়ত করেননি, তাই আব্দুল্লাহ সাহেবের তাওয়াফ সহিহ হয়নি।

আর বেহুঁশ বা মাজুর ব্যক্তিকে তাওয়াফ করানোর ক্ষেত্রে বেহুঁশ ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করা জরুরি; মাজুর ব্যক্তির পক্ষ থেকে নিয়ত করা আবশ্যক নয়। আর তাওয়াফ করিয়ে এর বিনিময়ে উজরত নেওয়া বৈধ।

রেফারেন্স: আল-ফেকহুল হানাফী, ১/৪৭৪, দারুল কলম। গুনিয়াতুন নাসিক, পৃষ্ঠা ১৮১। মোয়াল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা ১৫১, বুসরা।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল