মুহতারাম! মসজিদের মোতাওয়াল্লি সাহেব আমাকে হজের জন্য টাকা দিতে চাচ্ছেন। কিন্তু তাঁর টাকায় হজ করতে আমার ইচ্ছা করছে না। কারণ, তাঁর সম্পদ হালাল, নাকি হারাম, এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত নই। এদিকে খতিব সাহেব বলছেন, টাকার ব্যবস্থা হয়ে যাওয়ায় আমার জন্য টাকা গ্রহণ করা আবশ্যক। জানার বিষয় হলো, খতিব সাহেবের কথা ঠিক কি না এবং আমার করণীয় কী?
নিবেদক: মো. ইবরাহীম খাঁন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে কেউ কাউকে হজ কিংবা অন্য কোনো উদ্দেশ্যে হাদিয়া দিতে চাইলে তা গ্রহণ করা আবশ্যক নয়। তবে গ্রহণ করে নিলে গ্রহীতা সেই অর্থের মালিক হয়ে যান। এ মালিকানার ভিত্তিতে অর্থের মালিকানা-নির্ভর যাবতীয় বিধান সাব্যস্ত হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত صورتএ খতিব সাহেবের কথা সঠিক নয়; বরং এ ক্ষেত্রে আপনার উক্ত টাকা গ্রহণ না করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। অবশ্য গ্রহণ করলে এ টাকার মালিকানার ভিত্তিতে আপনার ওপর হজ আবশ্যক হয়ে যাবে।
রেফারেন্স: ইলাউস সুনান: ৭/২৯৩, দারুল ফিকির। রদ্দুল মুহতার: ৩/৫২৭, আজহার। ফাতাওয়া হিন্দিয়া: ১/২১৭, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল