মুহতারাম! জনাব আব্দুর রউফ সাহেব একজন বৃদ্ধলোক। তাঁর বয়স ৮৫ বছর। তিনি মাঝে মাঝে কথা বলতে বলতে বা এমনিতেই ঘুমিয়ে পড়েন। গতবার হজের সময় তাঁর ছেলে তাঁকে মাকনুন হুইলচেয়ারে বসিয়ে তাওয়াফ করান। এমন অবস্থায় তিনি প্রথম এক-দুই তাওয়াফ জাগ্রত থাকলেও বাকিগুলো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন। সায়ির সময়ও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। জানার বিষয় হলো, এ রকম বয়স্ক ব্যক্তি তাওয়াফ ও সায়ির মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন থাকলে তাওয়াফ ও সায়ি সঠিকভাবে আদায় হবে কি? এবং এর দ্বারা কোনো ত্রুটি হবে কি না?

নিবেদক: মাহমুদুল হাসান (পিরোজপুর)


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিকোণে তাওয়াফ ও সায়ি আদায় করতে অক্ষম ব্যক্তিকে তাঁর আদেশে অন্যরা হুইলচেয়ারে বসিয়ে তাওয়াফ ও সায়ি করালে, এমতাবস্থায় তাওয়াফ ও সায়ি আদায় করার সময় উক্ত ব্যক্তি ঘুমিয়ে পড়লেও তাঁর তাওয়াফ ও সায়ি আদায় হয়ে যাবে।

সুতরাং প্রশ্নোক্ত ঘটনায় জনাব আব্দুর রউফ সাহেবকে তাঁর ছেলে হুইলচেয়ারে বসিয়ে তাওয়াফ ও সায়ি করানোর সময় তিনি এক-দুই তাওয়াফ ও সায়ি জাগ্রত অবস্থায় আদায় করার পর ঘুমিয়ে পড়ার দরুন তাঁর তাওয়াফ ও সায়ি আদায়ে কোনো সমস্যা হবে না; বরং তাঁর তাওয়াফ ও সায়ি সঠিকভাবেই আদায় হয়েছে।

রেফারেন্স: ফাতাওয়া হিন্দিয়া: ১/৩০০, যাকারিয়া। আল-মুহিতুল বুরহানি: ৩/৪৭৮, ইদারাতুল কুরআন। তাতারখানিয়া: ৩/৬৫৪, ফারুকিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল