মুহতারাম! জনাব জুবায়ের সাহেব স্ত্রী-সন্তানসহ হজে গিয়েছেন। তাঁর ছোট ছেলের বয়স ১৩ বছর। ইহরাম বাঁধার সময় সে নাবালেগ ছিল। কিন্তু উকুফে আরাফার পূর্বে সে বালেগ হয়ে যায়। এ অবস্থায় সে হজ সম্পাদন করে। জানার বিষয় হলো, তার আদায়কৃত হজ কি নফল হবে, নাকি ফরজ হিসেবে গণ্য হবে?

নিবেদক: দিদার বিন খোরশেদ


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী মূলনীতি অনুযায়ী, হজ আদায়ের ক্ষেত্রে যে হজের নিয়তে (ফরজ বা নফল) ইহরাম বাঁধা হয়, স্বাভাবিকভাবে উক্ত হজই আদায় হয়। বিধায় নফলের নিয়তে ইহরাম বেঁধে থাকলে এর দ্বারা ফরজ হজ আদায় হয় না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জুবায়ের সাহেবের ছোট ছেলে উকুফে আরাফার পূর্বে বালেগ হওয়ার পর যেহেতু নতুনভাবে ফরজ হজের নিয়তে ইহরাম বাঁধেনি, বিধায় তার হজ পূর্বের ইহরাম অনুযায়ী নফল হিসেবে সাব্যস্ত হবে; ফরজ হিসেবে গণ্য হবে না।

রেফারেন্স: কানয: ১/২৪৬, বুশরা। বাদায়েউস সানায়ে: ২/২৯৫, জাকারিয়া। কাজী খান: ১/১৭২, জাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল