জনাব! আমার পরিচিত কয়েকজন লোক শাওয়ালের ১০ তারিখে নির্দিষ্ট একটি কোম্পানির ভিসা নিয়ে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে কোম্পানির নির্ধারিত লোক তাঁদের কোম্পানিতে পৌঁছে দেন। কয়েক দিন থাকার পর তাঁরা জানতে পারেন যে, তাঁদের কোম্পানিটি হারাম শরিফের ভেতরে অবস্থিত। জানার বিষয় হলো, ইহরাম ছাড়া হারামের সীমানায় প্রবেশ করার কারণে তাঁদের ওপর দম ওয়াজিব হবে কি? হজের মাসে হারামের ভেতরে অবস্থানের কারণে তাঁদের ওপর হজ ফরজ হবে কি? বিস্তারিত জানাবেন।
নিবেদক: মুহা. ওসমান গণি
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
হানাফি মাজহাব মতে, কোনো বহিরাগত ব্যক্তি যদি হারাম শরিফের সীমানায় প্রবেশ করতে চান, তা যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন, তাঁর ওপর ইহরাম বাঁধা আবশ্যক হয়ে যায়। কোনো কারণে ইহরামবিহীন প্রবেশ করে ফেললে মিকাতে ফিরে এসে ইহরাম বেঁধে নিলে দম রহিত হয়ে যায়। অন্যথায় দম রহিত হয় না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে হারাম শরিফের ভেতরে অবস্থিত কোম্পানিতে যাওয়ার উদ্দেশ্যে গমনকারী লোকদের বিনা ইহরামে মিকাত অতিক্রম করে হারাম শরিফের সীমানায় প্রবেশ করায় তাঁদের জন্য মিকাতে গিয়ে ইহরাম বাঁধা আবশ্যক। অন্যথায় যে স্থানে অবস্থান করছেন, সেখান থেকে ইহরাম বাঁধলেও যথেষ্ট হবে; তবে দম আবশ্যক হবে। এ ক্ষেত্রে না জানাকে ওজর হিসেবে গণ্য করা হবে না।
আর উল্লেখিত ব্যক্তিগণ হজের মৌসুমে সরকারি বা অন্য কোনো বাধার সম্মুখীন না হয়ে হজ পালনে সামর্থ্যবান হলে তাঁদের ওপর হজ আদায় করা ফরজ হবে।
রেফারেন্স: বাদায়েউস সানায়ে: ২/৩৭৪, যাকারিয়া। আল-বাহরুর রায়েক: ৩/৮৫, যাকারিয়া। ফাতহু বাবিল ইনায়া: ২/১২৯, ইবনে ...
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল