মুহতারাম! জনাব লিয়াকত সাহেব হজের উদ্দেশ্যে রওনা হন। তবে তিনি ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করে মক্কায় হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে তিনি হোটেল থেকেই ইহরাম বেঁধে হজ পালন করেন এবং দেশে ফিরে আসেন। জানার বিষয় হলো, এভাবে হজ করার কারণে তাঁর হজের কোনো সমস্যা হবে কি না? হলে এখন করণীয় কী?

নিবেদক: মুহা. আইয়ুব আলী


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে হজের উদ্দেশ্যে মক্কায় প্রবেশকারীর জন্য ইহরাম বেঁধে মিকাত অতিক্রম করা আবশ্যক। অন্যথায় দম ওয়াজিব হয়। তবে যদি মিকাতে ফিরে এসে ইহরাম বেঁধে নেয়, তাহলে দম রহিত হয়ে যায়।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে বিনা ইহরামে মিকাত অতিক্রম করার পর হজের কার্যাবলি শুরু করার পূর্বে পুনরায় মিকাত থেকে ইহরাম না বাঁধায় তাঁর ওপর একটি দম আবশ্যক হয়েছে। তবে তাঁর ফরজ হজ আদায় হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

রেফারেন্স: মুলতাকাল আবহার: ১/৪৪৭, মানার। আল-মুহিতুল বুরহানি: ৩/৪১৪, এদারাতুল কোরআন। রদ্দুল মুহতার: ৩/৭০৭, আজহার।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল