মুহতারাম, মহিলা হাজিরা এক ধরনের ক্যাপ ব্যবহার করে থাকেন, যার ফলে চেহারার নেকাব চেহারার সঙ্গে লেগে থাকে না; বরং চেহারা থেকে দূরে থাকে। জানার বিষয় হলো, এ ধরনের ক্যাপ ব্যবহারের শরয়ী বিধান কী? আর মাঝে মাঝে দেখা যায়, বাতাসের কারণে চেহারার নেকাব চেহারার সঙ্গে লেগে যায়। তখন এর হুকুম কী হবে?

নিবেদক: আবু বাসির


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে মহিলাদের জন্য হজের ক্ষেত্রে এবং পরপুরুষের সামনে পরিপূর্ণ পর্দা রক্ষা করা জরুরি। সুতরাং প্রশ্নোক্ত صورتএ হাজি মহিলাদের জন্য চেহারা এমনভাবে ঢেকে রাখা জরুরি, যাতে নেকাব চেহারার সঙ্গে লেগে না থাকে। আর বর্তমান সময়ে যে ক্যাপ পাওয়া যায়, তা ব্যবহার করেই চেহারার পর্দা রক্ষা করা অধিক সহজ। আর বাতাসের কারণে নেকাব মাঝে মধ্যে চেহারায় লেগে গেলেও কোনো সমস্যা নেই।

তবে যে সময়ে পরপুরুষ থাকার সম্ভাবনা থাকে না, সে সময়ে নারীদের ইহরাম অবস্থায় চেহারা খোলা রাখাই শ্রেয়। কারণ, নারীদের ইহরাম চেহারার সঙ্গে সম্পৃক্ত। যদিও পর্দার বিধানের কারণে পরপুরুষের সামনে তা ঢেকে রাখা ওয়াজিব। কিন্তু ঢেকে রাখার ক্ষেত্রে মুখমণ্ডলের সঙ্গে নেকাব চেপে রাখা ইহরামের পরিপন্থী। তাই মাথার ওপর থেকে নেকাব ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে পর্দা করা জরুরি।

রেফারেন্স: আল-বেকায়া: ১/৩১৩, দারুল কুতুবিল ইলমিয়া। রদ্দুল মুহতার: ৩/৬২৯, আজহার। ফাতহুল কাদির: ২/৫২৭, রশিদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল