মুহতারাম! আমি আতরের কারখানায় কাজ করি। ঘটনাক্রমে আতরের ট্যাংক ফেটে আমার নাকে মুখে ছিটকে পড়ে এবং সামান্য পরিমাণ মুখে প্রবেশ করে, সাথে সাথে থু থু করে ফেলে দেই। কিন্তু গলায় এর ঝাঝ অনুভব করি। জানার বিষয় হলো, এমতাবস্থায় আমার রোযাতে কোনো সমস্যা হবে কি? দলীলসহ বিস্তারিত জানাবেন।
নিবেদক: মুহা. মিনহাজুল ইসলাম
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে রোযার কথা স্মরণ থাকাবস্থায় বাহিরের কোনো দ্রব্য শরীরের গ্রহণযোগ্য প্রবেশদ্বার দিয়ে পাকস্থলী বা খাদ্যনালীতে প্রবেশ করার দ্বারা রোযা নষ্ট হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আতরের ট্যাংক ফেটে আপনার নাকে মুখে আতর প্রবেশ করত গলায় এর স্বাদ ও ঝাঝ অনুভূত হওয়ার দ্বারা আপনার রোযা ভেঙ্গে গেছে। ফলে আপনার জন্য উক্ত রোযার কাযা করা আবশ্যক।
রেফারেন্স: মাকালাতুল ফিকহিইয়্যা: ১/৯৪ দারুল উলুম করাচী, তানবীরুল আবসার: ৩/৪৩৪-৪৩৯ আযহার, শামী: ৩/৪২৪ আযহার।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল