মুহতারাম! আমাদের সিলেটের কয়েকটি এলাকায় বিগত বছর পাঁচেক আগে স্থানীয় নির্ভরযোগ্য কিছু আলেমের সিদ্ধান্তক্রমে ২৯ রোজা রেখে চাঁদ উঠার ফয়সালা হয়। এবং পরবর্তী দিন উক্ত সিদ্ধান্ত অনুযায়ী এই এলাকাগুলোতে ঈদও পালন করা হয়। কিন্তু পরে নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে, তাদের উক্ত সিদ্ধান্ত ভুল ছিল। অর্থাৎ যে দিন তারা ঈদ পালন করেছিল সে দিন বাস্তবে ৩০তম রমযান ছিল। এখন জানার বিষয় হল, ১) হিলাল কমিটি থাকা সত্ত্বেও স্থানীয় আলেমদের চাঁদ উঠা না উঠা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার আছে কি? ২) যারা উক্ত সিদ্ধান্ত অনুযায়ী ৩০তম দিন রোয়া না রেখে ঈদ পালন করেছিলো তাদের গত হওয়া রোজার ব্যপারে শরীতের বিধান কী?

নিবেদক: আবুল কাসিম

 

الجواب بملهم الصدق والصواب

 

ইসলামী শরীয়া মতে হেলাল কমিটি যদি নির্ভরযোগ্য ও অভিজ্ঞ আলেম মুফতীর সমন্বয়ে গঠিত হয়, যাদের ফতোয়ার উপর জনসাধারণ আস্থা রাখে ও নির্দ্বিধায় গ্রহণ করে এবং উক্ত কমিটি শরীয়তের নীতিমালা অনুযায়ী ঘোষণা দেয়, তখন উক্ত হেলাল কমিটির ঘোষণার উপর সকলের আমল করা কর্তব্য। উক্ত কমিটি থাকা সত্ত্বেও অন্য কারো হেলাল বিষয়ক কোন কিছুর সিদ্ধান্ত বা ঘোষণা গ্রহনযোগ্য নয়। হ্যা, কোথাও যদি এমন না থাকে, তাহলে স্থানীয় নির্ভরযোগ্য আলেমদের সিদ্ধান্ত অনুযায়ী আমল করতে পারবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে প্রথমত দেশে নির্ভরযোগ্য হেলাল কমিটি থাকায় স্থানীয় আলেমদের চাঁদ উঠা না উঠা নিয়ে সিদ্ধান্ত দেওয়া ঠিক হয়নি। দ্বিতীয়ত ২৯ তারিখে চাঁদ দেখা যাওয়ার সিদ্ধান্তের ঘোষণা অনুযায়ী যারা ত্রিশতম দিন রোজা না রেখে ঈদ পালন করেছে তারা ত্রিশতম দিনের রোজার শুধু কাযা করে নিবে।

রেফারেন্স: আবু দাউদ: ১/৩২০ আশরাফিয়া, বাদয়ে। ২/২২৪ জাকারিয়া।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল