মুহতারাম মুফতি সাহেব! আব্দুল্লাহ সাহেবের কিছু কাজা রোজা রয়েছে। তিনি একদিন রোজা রেখেছেন। এমতাবস্থায় তার খুব প্রিয় একজন বন্ধু তার বাসায় বেড়াতে আসে। মেহমানের জন্য খাবার পরিবেশন করলে মেহমান বলে, চলো বন্ধু! দুজন একসাথে খানা খাব। আব্দুল্লাহ সাহেব বললেন, আমি রোজা রেখেছি। তার বন্ধু বলে, "রোজা ভেঙে দাও; পরে কাজা করে নিও। এমনটা মেহমানকে খুশি করার জন্য করা জায়েজ আছে।" জানার বিষয় হলো, আবদুল্লাহ সাহেবের বন্ধুর কথা কতটুকু শরীয়ত সম্মত? এক্ষেত্রে আবদুল্লাহ সাহেব তার কাজা রোজা ভাঙ্গতে পারবেন কিনা? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মুফিজুল ইসলাম
الجواب بملهم الصدق والصواب
শরীয়তের দৃষ্টিতে বিশেষ কোনো প্রয়োজনে কিংবা মেহমানের সৌজন্যতায় নফল রোজা শুরু করার পর (পরবর্তীতে কাজা করার শর্তে) ভেঙ্গে দেওয়ার অবকাশ আছে। তবে স্বাভাবিক অবস্থায় ওয়াজিব বা ফরজ শুরু করার পর তা ভাঙ্গা বৈধ নয়।
সুতরাং প্রশ্নোক্ত আব্দুল্লাহ সাহেবের বন্ধুর "মেহমানকে খুশি করার জন্য রোজা ভেঙে দেওয়া বৈধ" মর্মে প্রদত্ত বক্তব্য নফল রোজার ক্ষেত্রে সঠিক বিবেচিত হলেও প্রশ্নোক্ত কাজা রোজার ক্ষেত্রে তার এই বক্তব্য যথাযথ ও শরীয়ত সম্মত নয়। কেননা কাযা রোজা ফরজ বা ওয়াজিব রোজার অন্তর্ভক্ত। ফলে আব্দুল্লাহ সাহেবের জন্য বন্ধুর খাতিরে তার কাজা রোজা ভাঙ্গা বৈধ হবে না।
রেফারেন্স: শামী: ৩/৪১৩ যাকারিয়া, ফাতহুল কাদীর ২/৩৬৫ রশীদিয়া, হিন্দিয়া ১/২৭১ দারুল ফিকর।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল