মুহতারাম! আমাদের দেশে চাঁদপুর জেলার কিছু কিছু থানার লোকজন সৌদির অনুকরণে রোজা বা ঈদ পালন করে থাকে। গত রোজার আফগানিস্তানে আমাদের একদিন পূর্বে চাঁদ দেখা যাওয়ায় কেউ কেউসেখানেরও অনুকরণ করে। জানার বিষয় হলো; তাদের এই রোজা বা ঈদ পালন কারা ঠিক হয়েছে কিনা? এ ক্ষেত্রে কতটুকু দূরত্বের চাঁদ দেখা গ্রহনীয় হবে? বিস্তারিত জানালে উপকৃত হবো।
নিবেদক: সালমান আহমাদ কুমিল্লা
الجواب بملهم الصدق والصواب
হানাফি মাযহারের গ্রহণযোগ্য সহীহ বর্ণনা মতে যে দুই দেশের মাঝে চাঁদের উদয়স্থল ভিন্ন, সে ভিন্নতা শরীয়ত কর্তৃক গ্রহণযোগ্য। তাই এসব দেশে রোজা ও ঈদের ভিত্তি নিজ দেশের বা নিকটতম দেশের চাঁদদেখার উপর নির্ভরশীল। তবে যে দুই দেশের উদয়স্থল ভিন্নতা নেই সেখানে তা গ্রহণযোগ্যও নয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনাদের চাঁদপুর জেলার সেই থানা গুলো সৌদীর অনুকরণে রোজা বা ঈদ পালন করে থাকলে হানাফী মাযহাবের বিশ্লেষণ অনুযায়ী তাদের রোজা বা ঈদ পালন কোনটিই সঠিক হয়নি। কারণ বাংলাদেশ ও সৌদী আরবের উদয়স্থল সম্পূর্ণ ভিন্ন হওয়ায় এক দেশে চাঁদ দেখা অন্য দেশের জন্য গ্রহণযোগ্য নয়। তাই যারা একদিন পূর্বে ঈদ করেছে, তারা রোজার দিনে ঈদ করে শরীয়তের বিধান মারাত্মক ভাবে লঙ্ঘন করেছে। অন্য দিকে একদিন পূর্বে রোজা রেখে রমজান মাসের মধ্যে শাবানের দিবসকে সংযুক্ত করে ফেলেছে। এসবই কোরআন সুন্নাহর বিরোধী কান্ড। তাই এহেন গর্হিত কাজ থেকে বিরত থাকা ও কৃতকর্মের জন্য তওবা করা জরুরী।
রেফারেন্স: বাদায়েউস সানায়ে। ২/২২৪ যাকারিয়া, হাশিয়াতুশ শালবী: ২/১৫৫ যাকারিয়া, তুহফাতুল ফুকাহা ১৬৫ মারুফিয়া।
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল