গ্রাম অঞ্চলে মশার উপদ্রব থাকায় অনেক এলাকায় রমজানের দিনের বেলায় কয়েল, ধুপ ইত্যাদি ব্যবহার করতে হয়। ঠিক তেমনিভাবে বিভিন্ন মসজিদে, সমাবেশে রমজানের দিনে 'উদ' (সুগন্ধিযুক্ত কাঠ) ও শক্তিশালী ঘ্রাণের পারফিউম ব্যবহার করা হয়। জানার বিষয় হলো, রমজানের দিনের বেলায় এগুলো ব্যবহার করলে রোজার কোন ধরনের ক্ষতি হবে কিনা। তা ছাড়া ধোঁয়া ভেতরে যাওয়ার আলামত কি? জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: আবুল কাশেম

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী দৃষ্টিতে ধূলোবালি, ধোঁয়া ও তৎসদৃশ দ্রব্য রোজাবস্থায় ইচ্ছাকৃতভাবে গলধঃকরণ করার দ্বারা রোজা ভেঙে যায়। তবে অনিচ্ছাকৃতভাবে তা গলায় প্রবেশ করার দ্বারা রোজার কোন সমস্যা হয় না। আর রোজাবস্থায় স্প্রে জাতীয় পারফিউম ব্যবহার করা অনুচিত বটে, তবে এর দ্বারা রোজা ভঙ্গ হয় না।

অতএব মৌলিকভাবে রমজানের দিনের বেলা প্রয়োজনবশতঃ কয়েল, ধুপ ইত্যাদি ব্যবহারে কোন নিষেধ নেই। তবে ইচ্ছাকৃতভাবে এর ধোঁয়া গলধঃকরন করলে রোজা ভেঙে যাবে। অন্যথায় নয়। আর সাধারণ আতর ইত্যাদি ব্যবহার এবং এর ঘ্রাণ নেয়ার দ্বারা রোজার কোন সমস্যা হবে না। অবশ্য স্প্রে জাতীয় পারফিউম এড়ানো উচিত।

মারাকিল ফালাহ: ৬৬০, বাদায়িউসসানায়ে ২/২৩৮, রদ্দুল মুহতার ৩/৪২১।

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল