মুহতারাম, জনাবা নুসাইবা জান্নাত একজন মহিলা সংগঠক। এ বছর তাঁর সংগঠনের পক্ষ থেকে তাঁকে হজে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সংগঠনের অনেক মহিলা একসঙ্গে হজে যাওয়ায় তাঁর কোনো মাহরাম তাঁর সঙ্গে যাবেন না।

জানার বিষয় হলো, এভাবে মাহরাম ছাড়া কোনো মহিলার হজে যাওয়া বৈধ হবে কি? যদিও তাঁর সঙ্গে যাওয়া মহিলারা তাঁকে সব দিক থেকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে থাকেন?

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)


الْجَوَابُبِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


হানাফি মাজহাব অনুযায়ী নারীদের জন্য সফরের দূরত্ব পরিমাণ সফর হলে মাহরাম ছাড়া হজে যাওয়া বৈধ নয়। অন্যথায় সফরের দূরত্ব না হলে যাওয়ার অনুমতি রয়েছে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নুসাইবা জান্নাতের নিজ শহর থেকে মক্কা পর্যন্ত সফরের দূরত্ব হলে মাহরাম ছাড়া শুধু নারীদের সঙ্গে হজে যাওয়া বৈধ হবে না। যদিও তাঁর সঙ্গে যাওয়া অন্য মহিলাদের মাহরাম থাকে এবং তাঁরা তাঁকে নিরাপত্তার আশ্বাস দিয়ে থাকেন। তবে সফরের দূরত্বের চেয়ে কম হলে মাহরাম ছাড়া হজ পালনের অবকাশ রয়েছে।

সর্বাবস্থায় মাহরাম ব্যতীত হজ আদায় করে নিলে হজ সহিহ হয়ে যাবে। তবে শরয়ি বিধান লঙ্ঘন করায় তিনি গুনাহগার হবেন।

রেফারেন্স: হেদায়া: ২/১৫৬, বুশরা। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২৮২, দারুল ফিকির। বাহরুর রায়েক: ২/৫৫২, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল