মুহতারাম, জাকারিয়া সাহেব একজন ধনী ব্যবসায়ী। তাঁর ওপর হজ ফরজ; কিন্তু তিনি হজ করেননি। একপর্যায়ে তিনি বৃদ্ধ হয়ে গেলে তাঁর ছেলে নিজের টাকা দিয়ে বৃদ্ধ বাবার অনুমতি নিয়ে বদলি হজ করেন। জানার বিষয় হলো, ছেলে নিজের টাকা দিয়ে বাবার বদলি হজ করানোর দ্বারা বাবার পক্ষ থেকে বদলি হজ আদায় হয়েছে কি? বিস্তারিত জানাবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে বদলি হজ সহিহ হওয়ার জন্য শর্ত হলো, ব্যক্তি এমন বৃদ্ধ হওয়া যে, তিনি নিজে চলাফেরা করতে সক্ষম নন এবং ভবিষ্যতেও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। এমন অবস্থায় তাঁর অনুমতিক্রমে তাঁর সম্পদ থেকে বদলি হজ আদায় করা সহিহ।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জাকারিয়া সাহেব যদি এমন বৃদ্ধ হন যে, তিনি নিজে চলাফেরা করতে সক্ষম নন এবং ভবিষ্যতেও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, আর এমতাবস্থায় তাঁর ছেলে তাঁর অনুমতিক্রমে তাঁর পক্ষ থেকে বদলি হজ আদায় করেন, তাহলে তা পিতার বদলি হজ আদায় হয়েছে বলে ধর্তব্য হবে।
কেননা, এক্ষেত্রে সন্তান পিতার কাছ থেকে অনুমতি নেওয়ার অর্থ হলো, সন্তান পিতাকে টাকা হাদিয়া দিচ্ছে। অতঃপর তিনি সেই টাকা থেকে হজ আদায় করবেন।
রেফারেন্স: তানবীরুল আবসার: ৪/৪৫৮, আযহার। ফাতহুল কাদির: ৩/১৪৬, রশিদিয়া। মাবসুত: ৪/১৭৮–১৭৯, রশিদিয়া। ফাতাওয়ায়ে শামী: ৪/১৯, আযহার। ফাতাওয়ায়ে কাজি খান: ১/১৮৯, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল