মুহতারাম মুফতি সাহেব, আমাদের এলাকায় শরিফ নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ হজে যাচ্ছেন। অবশ্য তাঁর স্ত্রী ইতিপূর্বে নিজের ফরজ হজ আদায় করেছেন। মুফতি সাহেবের নিকট জানার বিষয় হলো, উক্ত মহিলাকে দিয়ে কি আমি আমার চাচার বদলি হজ করাতে পারব? আর মহিলারা পুরুষের পক্ষ থেকে বদলি হজ আদায় করার হুকুম কী? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে মৌলিকভাবে হজের সকল বিষয় সম্পর্কে জ্ঞাত এবং তা সঠিকভাবে আদায় করতে সক্ষম—এমন প্রত্যেক ব্যক্তির মাধ্যমে বদলি হজ করানো সহিহ। চাই সে পুরুষ হোক বা মহিলা।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি শরিফ সাহেবের স্ত্রী হজের সকল কাজ সঠিকভাবে আদায় করতে সক্ষম হন, তাহলে তাঁর মাধ্যমে আপনার চাচার বদলি হজ করাতে পারেন। তিনি হজ আদায় করার মাধ্যমে আপনার চাচার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে।
তবে যেহেতু মহিলাদের হজের ক্ষেত্রে তাওয়াফের মাঝে রমল করা, সাফা-মারওয়ার মাঝে দৌড়ানো এবং উচ্চস্বরে তালবিয়া পড়া ব্যতীত আদায় করা হয়, তাই পূর্বে নিজের ফরজ হজ আদায় করেছেন—এমন পুরুষদের দিয়ে বদলি হজ করানোই উত্তম।
রেফারেন্স: আল-ফিকহুল হানাফি: ১/৫০৩, দারুল কলম। আসল: ৫/৪৪২, মাকতাবাতুল আহরার। ফাতহুল কাদির: ৩/১৪০, রশিদিয়া। ফাতাওয়ায়ে শামী: ৪/২৫, আযহার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল