মুহতারাম মুফতি সাহেব! আমাদের এলাকায় একটি মসজিদ রয়েছে, যা কোনো ওয়াকফকৃত জমিতে নয়; বরং ব্যক্তিমালিকানাধীন জায়গায় নির্মিত। মসজিদটির নির্মাণ ও যাবতীয় ব্যয়ও জায়গার মালিক নিজেই বহন করেন। বর্তমানে তিনি সেখানে নিয়মিত জুমার নামাজের ব্যবস্থা করতে চান। কিন্তু স্থানীয় সমাজের সর্দারসহ কিছু লোক এতে আপত্তি করছেন এবং সেখানে জুমার নামাজ আদায় করতে বাধা দিচ্ছেন। জানার বিষয় হলো, ব্যক্তিমালিকানাধীন ও ওয়াকফ না করা জায়গায় মসজিদ নির্মাণ করে জুমার নামাজ আদায় করা কি জায়েয ও সহিহ হবে? এ ক্ষেত্রে স্থানীয় সমাজের সর্দার বা সাধারণ লোকজনের অনুমতি নেওয়া কি আবশ্যক? শুধু তাঁদের আপত্তির কারণে সেখানে জুমার নামাজ বন্ধ রাখতে হবে কি না? বিষয়টির শরয়ি সমাধান কুরআন-সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহি দলিলের আলোকে জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মো: জুনায়েদ আহদম (চট্টগ্রাম)

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ী বিধানানুযায়ী জুমার নামাজ সহীহ হওয়ার জন্য সকল শর্ত পাওয়া যাওয়া আবশ্যক।  শর্ত না পাওয়া গেলে নামাজ সহীহ  হবে না। জুমার শর্তসমূহ-

১. শহর বা উপশহর হতে হবে। গ্রামে বা জনমানবহীন বিয়াবানে জুমআর নামায শুদ্ধ হবে না।

২. জামাতের সাথে হবে। ইমাম ব্যতিত কমপক্ষে তিনজন মুসল্লী হতে হবে।

৩. যোহরের সময় হতে হবে।

৪. সকলের জন্য ব্যাপক অনুমতি থাকতে হবে।

৫. খুতবা দিতে হবে।


গ্রাম বলতে এমন এলাকাকে বুঝায়, যেখানে রাষ্ট্রীয় কোন প্রতিনিধি, মানুষের নিত্তপ্রয়োজনীয় আসবাব সহজলভ্য নয়। এমন সুবিধাবঞ্চিত এলাকাকে মূলত গ্রাম বলা হয়। সুতরাং আমাদের বাংলাদেশের প্রচলিত গ্রাম যেখানে রাষ্ট্র প্রতিনিধিসহ আবশ্যকীয় সুবিধা বিদ্যমান, সেটাকে গ্রাম বলা যাবে না। বরং তা উপশহরের স্থলাভিষিক্ত হবে। তবে খাগড়াছড়ি ও বান্দরবন গহীন জঙ্গলে বসবাসকারীগণ গ্রামের বাসিন্দা। তাই তাদের উপর জুমা সহীহ না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ওয়াকফহীন তথা ব্যক্তিমানা জায়গায় নির্মিত মসজিদে জুমার নামাজ আদায় করা সহীহ হবে। জুমআর জন্য ওয়াকফিয়া মসজিদ হওয়া শর্ত নয়। তদ্রুপ জামে মসজিদ হওয়া শর্ত নয়। তবে যে কোন ফরয নামাজই ওয়াকফকৃত শরয়ী মসজিদে জামাতের সাথে আদায় করা। দ্বিতীয়ত: সেখানে জুমার নামাজ আদায়ের জন্য সমাজের সর্দার বা সমাজের লোকজনের অনুমতি না থাকলেও নামাজ সহীহ হবে। তাদের অনুমোদন থাকা শর্ত নয়। তাই তাদের আপত্তির কারণে সেখানে জুমা বন্ধ করা যাবে না।

রেফারেন্স:  হেদায়া-১/১১৪-১১৬, শরহে নুকায়া-১/১২৩-১২৫, কাবীরী-৫৪-৫৫১]

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল