মুহতারাম, জনাব ইউনুস সাহেব ধনী মানুষ। তিনি নেসাবের মালিক। তাঁর ওপর হজ ফরজ হয়েছে; কিন্তু তাঁর এক পা প্যারালাইসিসে আক্রান্ত। তিনি ভালোভাবে হাঁটতে পারেন না। জানার বিষয় হলো, তাঁর ওপর হজ ফরজ কি না? যদি হজ করা ফরজ হয়, তাহলে তিনি কীভাবে হজ আদায় করবেন? শরয়ি আলোকে জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মো. আতাউল্লাহ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
হানাফি মাজহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী হজ আদায় ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো, ব্যক্তি এতটুকু সুস্থ হওয়া যে, তিনি নিজে চলাফেরা করতে ও হজের রুকন আদায় করতে সক্ষম হন।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ইউনুস সাহেব নেসাবের মালিক হওয়ার কারণে তাঁর ওপর হজ ফরজ হয়েছে। কিন্তু বর্তমানে যেহেতু তিনি ভালোভাবে চলাফেরা করতে সক্ষম নন, তাই তাঁর জন্য স্বশরীরে হজ আদায় করা আবশ্যক নয়। যদি ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে তাঁর জন্য আবশ্যক হলো অন্য কারও মাধ্যমে বদলি হজ আদায় করানো। আর সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। সুস্থ হলে হজ আদায় করবেন; অন্যথায় বদলি হজের ওসিয়ত করে যাবেন।
রেফারেন্স: আল-ফিকহুল হানাফি: ১/৪৫২–৪৫৩, দারুল কলম। তুহফাতুল ফুকাহা: ১৮৭, মারুফিয়া। গুনিয়াতুন নাসেক: ৪৩। ফাতহুল কাদির: ২/৪২১, যাকারিয়া। ফাতাওয়ায়ে শামী: ২/৫২৩, আযহার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল