মুহতারাম! সেকান্দার সাহেব জীবনের অধিকাংশ সময় কালো টাকা উপার্জনে কাটিয়েছেন। অবৈধ টাকা ছাড়া তাঁর কাছে কোনো টাকা কিংবা সম্পদ নেই। বিধায় অবৈধ টাকা দিয়েই হজ আদায় করেন। বছরখানেক পর তাবলিগের সংস্পর্শে এসে সমস্ত হারাম উপার্জন ছেড়ে দিয়ে হালাল টাকা উপার্জন শুরু করেন।

জানার বিষয় হলো, হারাম টাকা দিয়ে হজ করার দ্বারা হজ আদায় হয়েছে কি না? এবং পরবর্তীতে হালাল টাকার মালিক হওয়ায় তাঁর ওপর দ্বিতীয়বার হজ করা ফরজ হবে কি না?

নিবেদক: মুহা. মুহিব্বুল্লাহ, ভোলা


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে হারাম সম্পদের ওপর শরয়ি কোনো বিধান প্রযোজ্য হয় না। বিধায় তা ব্যয় করে হজ করা জায়েয নেই। তথাপি কেউ হারাম সম্পদ ব্যয় করে হজ করলে তাঁর হজের ফরজিয়াত আদায় হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত জনাব সেকান্দার সাহেব হারাম টাকার মাধ্যমে হজ করার দ্বারা তাঁর হজের ফরজিয়াত আদায় হয়ে গেছে। বিধায় পরবর্তীতে হালাল টাকার মালিক হওয়ার কারণে তাঁর ওপর পুনরায় হজ ফরজ হবে না।

উল্লেখ্য, হারাম সম্পদ ব্যয়ে আদায়কৃত হজে কোনো সওয়াব অর্জিত হয় না। উপরন্তু এর কারণে ব্যক্তি গুনাহগার সাব্যস্ত হন।

রেফারেন্স: মু'জামুল আওসাত লিততাবরানি: ৫২২৮ নং হাদিস। বাহরুর রায়েক: ৩/৫৪১, যাকারিয়া। শামী: ৩/৫১৯, আযহার।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল