মুহতারাম, জনাব ফরিদ সাহেব একজন মধ্যবিত্ত পরিবারের লোক। তাঁর ওপর হজ ফরজ হয়েছিল; কিন্তু তিনি হজ আদায় করেননি। খুব অসুস্থ হওয়ায় ছেলেদেরকে হজের ওসিয়ত করে গিয়েছেন। তাঁর মৃত্যুর পর ছেলেরা ওসিয়ত পূরণ করতে গিয়ে লক্ষ্য করলেন যে, বাবার পরিত্যক্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ দিয়ে হজ করানো অসম্ভব। এর অতিরিক্ত কেউ দিতেও রাজি নয়। জানার বিষয় হলো, এক্ষেত্রে ছেলেদের করণীয় কী?

নিবেদক: মুহা. মুফিজুল ইসলাম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ দ্বারাই যথাসম্ভব তাঁর ওসিয়ত পূরণযোগ্য। সম্পত্তির এক-তৃতীয়াংশ দ্বারা ওসিয়ত পূরণ করা সম্ভব না হলে তা পূরণ করা আবশ্যক হয় না।

সুতরাং প্রশ্নের বিবরণ মতে, মৃত ফরিদ সাহেবের উক্ত এক-তৃতীয়াংশ সম্পদ দ্বারা তাঁর বাড়ি থেকে ওসিয়তকৃত হজ করানো যাচ্ছে না বটে; তবে মক্কার আরও কাছাকাছি কোনো রাষ্ট্র বা স্থান থেকে সেই অর্থে হজ করানো সম্ভব হলে সে স্থান থেকে হজ করানো আবশ্যক হবে। আর যদি কোনোভাবেই তাও সম্ভব না হয়, তাহলে তাঁদের ওপর উক্ত ওসিয়ত পূরণ করা আবশ্যক নয়।

রেফারেন্স: কিতাবুল কাফী: ২৭/১৭৫, রশিদিয়া। তানবীরুল আবসার: ৪/২৬–২৭, আযহার। শামী: ৪/২৬, আযহার।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল