খালেদ সাহেব স্বাবলম্বী মানুষ। আল্লাহ তাআলার রহমতে তাঁর টাকা-পয়সাও আছে। হজ করবেন বলে ঠিক করেছিলেন; কিন্তু নানা ব্যস্ততায় আর হজ করা হয়নি। একসময় তাঁর মৃত্যু এসে গেল। ওসিয়ত করে যেতে হয়, সে খেয়ালও তাঁর ছিল না। তাবলিগি মেহনতে তাঁর ছোট ছেলে দ্বীন মানতে শুরু করেছে। সে চাচ্ছে, বাবার পক্ষ থেকে হজ আদায় করতে।
জানার বিষয় হলো, তার এ ইচ্ছা কতটুকু ফলপ্রসূ? এর দ্বারা কি তার বাবা দায়মুক্ত হবেন? এবং বাবার পক্ষ থেকে বদলি হজ করা কি আবশ্যক?
নিবেদক: মুহা. মাহদী হাসান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে মৃত ব্যক্তির ওসিয়ত করা ব্যতীত ওয়ারিশদের জন্য তাঁর পক্ষ থেকে বদলি হজ করা আবশ্যক নয়। তবে কেউ স্বেচ্ছায় নিজ অর্থ দ্বারা তাঁর পক্ষ থেকে হজ আদায় করলে বা করালে মৃত ব্যক্তির হজের ফরজিয়াত আদায় হয়ে যাবে বলে আশা করা যায়।
সুতরাং প্রশ্নোক্ত মৃত খালেদ সাহেবের ছোট ছেলের জন্য তাঁর পিতার পক্ষ থেকে বদলি হজ করা আবশ্যক নয় বটে; তবে স্বউদ্যোগে মৃত পিতার অনাদায়ী ফরজ হজ আদায়ের ইচ্ছা প্রশংসাযোগ্য। এতে আশা করা যায়, তাঁর পিতার হজের ফরজিয়াত আদায় হয়ে তিনি দায়মুক্ত হয়ে যাবেন।
রেফারেন্স: তুহফাতুল ফুকাহা: ২১৩, মা'রুফিয়া। ফিকহুল হানাফি: ১/৫০৩, দারুল কলম। ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ৩/৬৬৭, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল