মুহতারাম, জনৈক ব্যক্তি ইহরাম বেঁধে বাংলাদেশ বিমানবন্দরে প্রবেশের কিছুক্ষণ পর স্ট্রোক করে মারা যান। তাঁর নিয়ত ছিল হজে কিরান আদায় করার।
জানার বিষয় হলো, উক্ত মৃত ব্যক্তির হজের কী হুকুম? তাঁর ওয়ারিশদের জন্য তাঁর পক্ষ থেকে বদলি হজ করা কি আবশ্যক?
নিবেদক: মুহা. নাজমুস সাকিব
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার প্রথম বছরেই হজে গমন করেন এবং হজ পালনের পূর্বে পথিমধ্যে মারা যান, তাহলে তাঁর হজের ফরজিয়াত রহিত হয়ে যায়। অবশ্য হজ ফরজ হওয়ার পর বিলম্বে হজের সফরে বের হয়ে মারা গেলে তাঁর পক্ষ থেকে হজ পালনের ওসিয়ত করা আবশ্যক। অন্যথায় তিনি দায়মুক্ত হবেন না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার প্রথম বছরেই হজের উদ্দেশ্যে বের হয়ে থাকেন, তাহলে মৃত্যুবরণ করার কারণে তাঁর হজের ফরজিয়াত রহিত হয়ে তিনি দায়মুক্ত হয়ে গেছেন। অন্যথায় তিনি বদলি হজের ওসিয়ত করে থাকলে তাঁর সম্পদের এক-তৃতীয়াংশ দ্বারা হজ পালন করানো সম্ভব হলে বদলি হজ করাবে। অন্যথায় বদলি হজ করানো আবশ্যক নয় বটে; তবে ওয়ারিশরা স্বেচ্ছায় বদলি হজ করালেও আশা করা যায়, তিনি দায়মুক্ত হয়ে যাবেন।
রেফারেন্স: দুররুল মুখতার: ৪/২৬–২৭, আযহার। আল-ফিকহুল হানাফি: ১/৫০২, দারুল কলম। আল-মুহিতুল বুরহানি: ৩/৪১৭, ইদারাতুল কুরআন।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল