মুহতারাম হুজুর, আমার আব্বু অসুস্থ। তিনি তেমন কিছু মনে রাখতে পারেন না। তাওয়াফ করার সময় তাওয়াফের সংখ্যা ভুলে যান। জানার বিষয় হলো, এখন তাঁর করণীয় কী? কীভাবে তাওয়াফ সমাপ্ত করবেন এবং অন্যান্য কার্যাবলি আদায় করবেন? বিস্তারিত জানাবেন।

নিবেদক: মুহা. মিনহাজুল ইসলাম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে তাওয়াফসহ হজের অন্যান্য কার্যাবলি, যেমন—সাফা-মারওয়ায় সাঈ, রমিউল জিমার ইত্যাদি আদায়ের ক্ষেত্রে আদায়কৃত সংখ্যা ভুলে গেলে কিংবা তাতে সংশয় সৃষ্টি হলে সংশয়ের সর্বনিম্ন সংখ্যার ওপর ভিত্তি করে কার্যাবলি সম্পাদন করবেন। অবশ্য কার্যাবলি সম্পাদনের পর তাতে সংশয় সৃষ্টি হলে তা ধর্তব্য হবে না।

সুতরাং আপনার বৃদ্ধ পিতার হজের কার্যাবলি আদায়ের ব্যাপারে সংশয় সৃষ্টি হলে উপরিউক্ত মূলনীতি অনুযায়ী কার্যাবলি সম্পাদন করবেন। তবে আপনার পিতার জন্য এক্ষেত্রে অন্য কারও সাহায্য নেওয়ার কিংবা কোনো সহায়ক মাধ্যম ব্যবহারের সুযোগ থাকলে তা গ্রহণ করা উত্তম হবে।

রেফারেন্স: গুনিয়াতুন নাসেক: ১৭১, দারুর রায়েদা। শামী: ২/৭৩৩, দারুল হাদিস। তাকরিরাতে রাফেয়ী: ৩/৫৮২, আহরার।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল