মুহতারাম, আমার বাবার দশ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে এবং মায়ের আট ভরি স্বর্ণ রয়েছে। আমার বাবার করা চারতলা বিশিষ্ট একটি ভবনও রয়েছে, যার নিচতলায় আমরা সবাই থাকি। এছাড়া আর কোনো নগদ টাকা নেই। এখন আমার জানার বিষয় হলো, আমার বাবা-মায়ের ওপর উক্ত সম্পত্তির কারণে হজ ফরজ হবে কি না? এবং তা বিক্রি করে হজ করা আবশ্যক কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মুহা. মুঈনুদ্দীন তাহের
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে হজ ফরজ হওয়ার জন্য পারিবারিক খরচ, মৌলিক প্রয়োজন ও চাহিদার অতিরিক্ত হজের যাবতীয় ব্যয়ভার পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত। এক্ষেত্রে স্বর্ণালংকার প্রয়োজনাতিরিক্ত সামগ্রীর শ্রেণিভুক্ত। আর ব্যবহৃত বাড়ি ও গাড়ি মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত গণ্য হয়।
সুতরাং ব্যবহৃত গাড়ি ও বাড়ি হজের নেসাবের অন্তর্ভুক্ত না হওয়ায় এগুলোর কারণে আপনার বাবার ওপর হজ ফরজ হবে না। তাঁর জন্য উক্ত গাড়ি-বাড়ি বিক্রি করাও আবশ্যক নয়। আর আপনার মায়ের আট ভরি স্বর্ণের মূল্য হজের যাবতীয় ব্যয়ভার পরিমাণ হলে এর দ্বারা তাঁর ওপর হজ ফরজ হয়ে যাবে। প্রয়োজন হলে এক্ষেত্রে তাঁর জন্য স্বর্ণালংকার বিক্রি করে হজ করা আবশ্যক।
উল্লেখ্য: বাড়ির অবশিষ্ট তিন তলার ভাড়া বাবদ টাকা হজের যাবতীয় খরচ বহনে সক্ষম হলে আপনার বাবার ওপরও হজ ফরজ হয়ে যাবে।
রেফারেন্স: বাদায়েউস সানায়ে: ৩/৪৫, দারুল হাদিস। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২৮১, যাকারিয়া। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ: ৫/২৮১, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল