মুহতারাম! জনাব মাওলানা ইরশাদ সাহেব একটি ব্যাংকের অফিসে ইমাম হিসেবে কর্মরত। ব্যাংকের পক্ষ থেকে তিনি মোটা অঙ্কের বেতন পেয়ে থাকেন। তাঁর বেতন বাবদ দশ বছরে তাঁর কাছে ছয় লাখ টাকা জমা হয়েছে। জানা কথা হলো, ব্যাংকের বেশির ভাগ উপার্জন সুদি খাত থেকে অর্জিত। জানার বিষয় হলো, মাওলানা সাহেবের উক্ত বেতনের টাকার কারণে কি হজ পালন করা ফরজ হবে? যদি হালালভাবে হজ করতে চান, তাহলে কীভাবে করবেন?

নিবেদক: মুহাঃ মুফিজুল ইসলাম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে শরিয়তসিদ্ধ কর্মের পারিশ্রমিক হালাল হিসেবে গণ্য হয়, আর অবৈধ কর্মের পারিশ্রমিক হারাম বলে গণ্য হয়। সুতরাং প্রশ্নোক্ত সুরতে ব্যাংকের অফিসে ইমামতি করা যেহেতু ব্যাংকের কোনো সুদি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয় এবং এর সহযোগীও নয়, তা ছাড়া ব্যাংকের অধিকাংশ অর্থই হালাল, তাই বেতন নেওয়া বৈধ বলে গণ্য হবে। ফলে তাঁর কাছে জমাকৃত ছয় লাখ টাকা যদি তাঁর প্রয়োজনাদির অতিরিক্ত হয় এবং হজে যাতায়াতের খরচের পরিমাণ থাকে, তাহলে তাঁর ওপর হজ ফরজ হবে।

হ্যাঁ, এ ধরনের চাকরি বৈধ হওয়া সত্ত্বেও তা থেকে বেঁচে থাকা উত্তম। আর হজ করার ক্ষেত্রে যদি তাঁর কাছে ব্যাংক থেকে পাওয়া টাকা ছাড়া অন্য কোনো সন্দেহমুক্ত টাকা অথবা প্রয়োজনাতিরিক্ত জমি থাকে, তাহলে সেই টাকা দিয়ে বা জমি বিক্রি করে অথবা সন্দেহমুক্ত সম্পদ থেকে ঋণ নিয়ে হজ করবেন। পরে নিজের সম্পদ থেকে তা পরিশোধ করে দেবেন।

রেফারেন্স: ফিকহুল বুয়ু: ২/১০৬৩, মা'আরেফুল কোরআন। ফিকহুল বুয়ু: ২/১০৬৫, মা'আরেফুল কোরআন। ফতোয়া উসমানী: ৩/৩৯৫, মা'আরেফুল কোরআন। কিতাবুল ফতোয়া: ৪/১১৫, নাঈমিয়াহ।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল