মুহতারাম, ২০১৬ সালে আমার বাবা হজ করতে গিয়ে মারা যান। তাওয়াফে জিয়ারত ছাড়া হজের সব কাজ তিনি পূর্ণ করেন। এ বছর আমি হজে যাচ্ছি। জানার বিষয় হলো, আমার বাবার হজের বিধান কী? এবং আমার হজের সঙ্গে বাবার ছুটে যাওয়া হজের অসম্পূর্ণ কাজগুলো পূর্ণ করতে পারব কি না?
নিবেদক: রায়হান উদ্দীন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ইসলামী শরিয়তমতে, কারও ওপর হজ ফরজ হওয়ার বছরই তিনি হজে গিয়ে উকুফে আরাফার পর মারা গেলে তাঁর হজ পূর্ণ হয়ে যায়। এতদ্ভিন্ন, ফরজ হওয়ার কয়েক বছর পর হজ আদায় করতে গিয়ে উকুফে আরাফার পর তাওয়াফে জিয়ারতের পূর্বে মারা গেলে তাঁর পক্ষ থেকে একটি বদনা আবশ্যক হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে, যদি আপনার বাবার ওপর যে বছর হজ ফরজ হয়েছে, সে বছরই তিনি হজ করতে যান, তাহলে তাঁর হজ পূর্ণ হয়ে গেছে। আর যদি ফরজ হওয়ার এক-দুই বছর পর গিয়ে থাকেন, তাহলে তাঁর হজ সম্পূরণের জন্য ওসিয়ত করা ওয়াজিব। এক্ষেত্রে বিধান হলো, তাঁর সম্পদ থেকে অথবা তাঁর পক্ষ থেকে ওয়ারিশদের কেউ যদি একটি বদনা তথা গাভি বা উট জবাই করে দেন, তাহলে আপনার বাবার হজ পূর্ণ হয়ে যাবে এবং এটি হজের বাকি কাজগুলোর ক্ষেত্রে যথেষ্ট হবে। কিন্তু আপনি আপনার হজের সঙ্গে আপনার বাবার ছুটে যাওয়া কাজগুলো করতে পারবেন না।
রেফারেন্স: আল-ফিকহুল হানাফি: ১/৪৫৯, দারুল কলম। গুনিয়াতুন নাসিক: ২৮৫, রায়েদ। ফতোয়া রহিমিয়া: ৮/১০১, জাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল