মুহতারাম, আমার মামাতো ভাই নতুন বিবাহ করেছে। আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দিয়েছেন। তার স্ত্রী আল্লাহওয়ালা ছিলেন। তিনি তাঁর স্বামীর কাছে খুব অনুনয় করে হজের আবদার করেন। ফলে দুজন একসঙ্গে হজে যান। কিন্তু হজে গিয়ে উকুফে আরাফার পূর্বেই তাঁদের মধ্যে সহবাস হয়ে যায়। অবশ্য বাকি কার্যাবলি যথারীতি আদায় করেছেন। জানার বিষয় হলো, আমার মামাতো ভাই ও তাঁর স্ত্রীর হজের বিধান কী? এবং এখন তাঁদের করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মোহাম্মদ জুবায়ের সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে হজের ইহরাম অবস্থায় উকুফে আরাফার পূর্বে সহবাস করার দ্বারা তাঁদের হজ ফাসেদ হয়ে গেছে। এক্ষেত্রে তাঁদের ওপর জরিমানা স্বরূপ একটি করে দম দিয়ে হজের বাকি কাজগুলো যথারীতি চালিয়ে যাওয়া এবং পরবর্তীতে উক্ত হজ কাযা করা ওয়াজিব।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার মামাতো ভাই ও তাঁর স্ত্রী উকুফে আরাফার পূর্বে ইহরাম অবস্থায় সহবাসে লিপ্ত হওয়ার দরুন তাঁদের হজ ফাসেদ হয়ে গেছে। এক্ষেত্রে তাঁদের উভয়ের ওপর হেরেমের সীমানায় জরিমানা স্বরূপ একটি করে দম দেওয়া ওয়াজিব। পরবর্তীতে তাঁদের জন্য উক্ত হজ কাযা করা ওয়াজিব। অন্যথায় হজের ফরজিয়ত আদায় হবে না।
রেফারেন্স: আল-মাবসুত: ৪/১৩০, রশিদিয়া। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৩০৯, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল