মুহতারাম মুফতি সাহেব! জনৈক বাংলাদেশি ব্যক্তি ওমরা করে মদিনা মুনাওয়ারায় গেছেন। ফেরার পথে ইহরাম না বেঁধেই মক্কায় প্রবেশ করেছেন। এরপর ভুল বুঝতে পেরে নিকটতম কোনো মিকাত থেকে পুনরায় ইহরাম বেঁধেছেন। জানার বিষয় হলো, এখন যদি তিনি এই ইহরামে ওমরা করে নেন, তাহলে উক্ত ভুলের ক্ষতিপূরণ হবে কি? না হলে তাঁকে কী করতে হবে? দম আদায় করতে হবে কি না? দম আদায় করলে কোথায় দেবেন? দেশে এসে কি দম আদায় করা যায়? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (ময়মনসিংহ)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে মক্কায় প্রবেশ করতে ইহরাম ব্যতীত মিকাত অতিক্রম করা বৈধ নয়। এর কারণে জরিমানা স্বরূপ একটি দম ওয়াজিব হয়। অবশ্য পরবর্তীতে ফিরে এসে ইহরাম বেঁধে নিলে উক্ত দম রহিত হয়ে যায়।
অতএব, প্রশ্নোক্ত ব্যক্তি ভুলবশত ইহরাম ব্যতীত মিকাত অতিক্রম করে পুনরায় নিকটস্থ মিকাতে ফিরে গিয়ে ইহরাম বেঁধে নেওয়ায় তাঁর ওপর কোনো দম আবশ্যক হবে না। এক্ষেত্রে ওমরার নিয়তে ইহরাম বেঁধে থাকলে ওমরা করে নিলেই যথেষ্ট হয়ে যাবে।
বি.দ্র.: হজ-ওমরা সংশ্লিষ্ট দম হেরেমের সীমানায় আদায় করা অপরিহার্য। এতদ্ভিন্ন অন্য স্থানে আদায় করার দ্বারা তা আদায় হয় না।
রেফারেন্স: মুলতাকাল আবহুর (মাজমাউল আনহুর): ১/৪৪৭। আত-তারবানিয়া: ৩/৫৫৩। আল-ফাতাওয়াস সিরাজিয়্যাহ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল