মুহতারাম! জনাব মিসবাহ সাহেবের দেশের বাইরে যাওয়া রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ থাকার কারণে তিনি সুস্থ, সবল এবং নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও হজ করতে পারছেন না। জানার বিষয় হলো, এ অবস্থায় তিনি কি অন্যের মাধ্যমে বদলি হজ করাতে পারবেন? অন্যথায় তাঁর করণীয় কী?

নিবেদক: মোঃ মুসলেহ উদ্দিন


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে মৌলিকভাবে হজ ফরজ এমন ব্যক্তি সফরের অনিরাপত্তা বা যাতায়াতে রাষ্ট্রীয় স্থায়ী নিষেধাজ্ঞার কারণে হজ পালনে সক্ষম না হলে তাঁর জন্য বদলি হজ করানোর সুযোগ রয়েছে বটে। তবে এক্ষেত্রে উক্ত বাধা মৃত্যু পর্যন্ত বহাল থাকা শর্ত। মৃত্যুর পূর্বে উক্ত বাধা কেটে গেলে তাঁর জন্য পুনরায় নিজে হজ করা ফরজ।

অতএব, প্রশ্নোক্ত মিসবাহ সাহেবের দেশের বাইরে যাতায়াতে স্থায়ী নিষেধাজ্ঞা থাকার দরুন তিনি অন্যের মাধ্যমে বদলি হজ করাতে পারবেন এবং উক্ত নিষেধাজ্ঞা মৃত্যু পর্যন্ত বহাল থাকার শর্তে এর দ্বারা তাঁর হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে। তবে মৃত্যুর পূর্বে তাঁর উক্ত নিষেধাজ্ঞা কেটে গেলে সে ক্ষেত্রে তাঁকে পুনরায় হজ করতে হবে। অন্যথায় তিনি জিম্মামুক্ত হবেন না।

রেফারেন্স: ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৩২১। আল-মুহীতুল বুরহানি: ৩/৩৯৩। শরহে বেকায়া: ২/৬৫৭, দা. কু. ই. (উমদাতুর রেআয়া)।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল