মুহতারাম! মকবুল সাহেব একজন অ্যাজমা রোগী। আরাফার দিন যোহরের নামাজের পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তখন তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। মোটামুটি সুস্থ হলে পরের দিন সকাল হয়ে যায়। তাঁর হজের বিধান কী? তাঁর ওপর কোনো কিছু আবশ্যক হবে কি?
নিবেদক: মাসউদ মুহসিন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে হাজিদের জন্য ৯ জিলহজ যাওয়াল থেকে ১০ জিলহজ সকাল পর্যন্ত সামান্য সময়ের জন্য হলেও আরাফায় অবস্থান করা ফরজ। তবে ৯ তারিখ সূর্যাস্তের মুহূর্তে অবস্থান করা ওয়াজিব। আল্লাহপ্রদত্ত কোনো ওজর, যেমন অসুস্থতা ইত্যাদির কারণে তা ছুটে গেলে দম ইত্যাদি কোনো কিছু আবশ্যক হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মকবুল সাহেব আরাফার দিন যাওয়ালের পর যোহর পর্যন্ত অবস্থান করায় তাঁর উকুফে আরাফার ফরজ আদায় হয়ে গেছে। অসুস্থতার কারণে সূর্যাস্তের সময় অবস্থান না করায় তাঁর ওপর কিছু ওয়াজিব হবে না।
রেফারেন্স: হেদায়া: ২/৫২২, রশিদিয়া। রদ্দুল মুহতার: ৩/৫৭৩, জাকারিয়া। ফাতাওয়ায়ে কাজী খান: ১/১৮০, জাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল