মুহতারাম! আমার চাচা আব্দুর রহিম সাহেব হজের উদ্দেশ্যে মক্কায় গমন করেন। ঘটনাক্রমে কোরবানির দিন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। যার কারণে তাওয়াফে জিয়ারত না করা অবস্থায় আইয়ামে নাহর অতিবাহিত হয়ে যায়। জানার বিষয় হলো, নির্দিষ্ট সময়ে তাওয়াফে জিয়ারত না করার কারণে তাঁর হজ কি বাতিল হয়ে গেছে? এক্ষেত্রে শরিয়তের বিধান কী এবং তাঁর করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মোঃ শরিফুল ইসলাম (কুষ্টিয়া)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে আইয়ামে নাহরের মধ্যে তাওয়াফে জিয়ারত আদায় করা ওয়াজিব বটে। তবে শারীরিক ওজর তথা প্রাকৃতিকভাবে সৃষ্ট প্রতিবন্ধকতা, যেমন অসুস্থতা ইত্যাদির কারণে এ সময়ে আদায় করতে না পারলে তাতে দম বা সদকা আবশ্যক হয় না এবং হজেও কোনো সমস্যা হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আব্দুর রহিম সাহেব অসুস্থতাবশত নির্দিষ্ট সময়ে তাওয়াফে জিয়ারত না করতে পারায় তাঁর হজ বাতিল হয়নি এবং তাঁর ওপর দমও আবশ্যক হয়নি। তাঁর করণীয় হলো, সুস্থ হওয়ার পর তাওয়াফে জিয়ারত আদায় করে নেওয়া।
রেফারেন্স: রদ্দুল মুহতার: ৩/৬৬৭, মাকতাবাতুল আযহার। ফতহুল কাদির: ৩/৫৫, জাকারিয়া। বিযানাতুল ফিকহ: ৯৪, মাকতাবাতুল গফুরিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল