আব্দুল আজিজ মিকাত পার হওয়ার পূর্বে মিকাতের নিকটবর্তী স্থানে একটু বিশ্রাম করছিলেন। এমতাবস্থায় তাঁর মোবাইলে কল আসলে তিনি কথা বলতে বলতে নিজের অজান্তেই মিকাত অতিক্রম করে ফেলেন। একপর্যায়ে তাওয়াফ করা শুরু করলে তাঁর স্মরণ আসে যে, তিনি ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করেছেন। জানার বিষয় হলো, আব্দুল আজিজ ভাইয়ের জন্য এখন করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: আব্দুল্লাহ ফয়সাল
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে ইহরাম ব্যতীত কেউ মিকাত অতিক্রম করলে তার ওপর দম আবশ্যক হয়। তবে যদি সে তাওয়াফের এক চক্কর পূর্ণ করার পূর্বেই মিকাতে এসে ইহরাম বেঁধে ফেলে, তাহলে তার দম সাকেত হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আব্দুল আজিজ সাহেবের জন্য উচিত হলো, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে যদি ওই অবস্থায় পূর্ণ এক চক্কর তাওয়াফ না করে থাকেন, তাহলে মিকাতে এসে ইহরাম করবেন। এতে তাঁর ওপর কোনো কিছু আবশ্যক হবে না। কিন্তু ওই অবস্থায় এক চক্কর তাওয়াফ পূর্ণ করে ফেললে দম আবশ্যক হবে। সে ক্ষেত্রে মিকাতে ফিরে ইহরাম করার প্রয়োজন হবে না।
রেফারেন্স: শরহুল আইনি: ১/১৮১, ইদারাতুল কুরআন। রদ্দুল মুহতার: ৩/৭০৬, মাকতাবাতুল আযহার। এমদাদুল ফতোয়া: ২/১৯৩, দারুল উলুম করাচি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল