মুহতারাম, জনৈক ব্যক্তিকে তার ছেলে হজ করার জন্য হজের পূর্ণ খরচের হিসাব করে টাকা দেয় এবং বলে, বাবা, আপনি এই টাকা দিয়ে হজ আদায় করবেন। বাবা বললেন, ঠিক আছে। কিছুদিন পর বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি উক্ত টাকা চিকিৎসাবাবদ খরচ করে ফেলেন। জানার বিষয় হলো, উক্ত বাবার জন্য পুনরায় টাকা ব্যবস্থা করে হজ আদায় করা অপরিহার্য কি না?
নিবেদক: মোঃ মুহিদুল্লাহ (চাটগামী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে হজের মাসসমূহে কিংবা প্রাক্-নিবন্ধনের সময় যে কোনো মাধ্যমে হজের আসা-যাওয়ার যাবতীয় খরচের মালিক হলে হজ ফরজ হয়ে যায়। হজ না করে কোনো কারণে টাকা শেষ হয়ে গেলে উক্ত হজ তার জিম্মায় থেকে যায়। যে কোনো মূল্যে তাকে সেই হজ আদায় করতে হয়।
সুতরাং প্রশ্নালোচ্য লোকটির কাছে যদি হজের মাস কিংবা প্রাক্-নিবন্ধনের সময় সেই টাকা থেকে থাকে, তাহলে তার ওপর হজ ফরজ হয়ে গিয়েছিল। ফলে তিনি হজ না করায় পরবর্তীতে টাকা ব্যবস্থা করে হজ আদায় করা অপরিহার্য। অবশ্য হজের মাস কিংবা প্রাক্-নিবন্ধনের আগে বা পরে টাকার মালিক হয়ে নিবন্ধনের পূর্বেই খরচ হয়ে গেলে হজ আবশ্যক হবে না।
রেফারেন্স: গুনিয়াতুন নাসিক: ৩৯, দারুর রায়েদ। রফিকে: ৪৫, এদারাতুল মারেফ। তুহফাতুল ফুকাহা: ১৮৮, মারুফিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল