মুহতারাম, উত্তরাঞ্চলের বন্যাকবলিত কিছু এলাকায় বন্যার পানির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, মাটিতে সিজদা করার মতো উপযুক্ত জায়গা পাওয়া যায় না। এখন জানার বিষয় হলো, এমন পরিস্থিতিতে মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করার বিধান কী? মাটিতে সিজদা করা সম্ভব না হলে মুসল্লিদের করণীয় কী? বিস্তারিত শরয়ি দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

 

নিবেদক: আবু সালেহ

 

الجواب بملهم الصدق والصواب

 

শরয়ি দৃষ্টিকোণ থেকে, পরিস্থিতির প্রতিকূলতার কারণে কোনো স্থানে স্বাভাবিকভাবে জমিনে সিজদা করে নামাজ আদায় করা সম্ভব না হলে প্রথমে নিকটবর্তী কোনো উপযুক্ত বিকল্প স্থানে বা ব্যবস্থায় নামাজ আদায়ের চেষ্টা করতে হবে। যদি তা-ও সম্ভব না হয়, তাহলে এমতাবস্থায় উক্ত স্থানে দাঁড়িয়ে ইশারার মাধ্যমে রুকু-সিজদা করে নামাজ আদায় করাই যথেষ্ট হবে।

সুতরাং প্রশ্নোক্ত বন্যাকবলিত এলাকার লোকজনের জন্য যদি বন্যামুক্ত কোনো স্থানে গিয়ে অথবা কোনো উপযুক্ত বস্তুর ওপর দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সিজদা করে নামাজ আদায় করা সম্ভব হয়, তাহলে সেখানে যথানিয়মে নামাজ আদায় করবেন। আর যদি কোনোভাবেই তা সম্ভব না হয়, তাহলে নিজ নিজ মসজিদেই দাঁড়িয়ে যথাসাধ্য ইশারার মাধ্যমে রুকু-সিজদা করে নামাজ আদায় করবেন।

(বাদায়ে সানায়ে ১/ ৩৪৮ দারুল হাদিস, ফাতাওয়ায়ে হিন্দিয়াহ ১/২০৩ জাকারিয়া, তুহফাতুল ফুকাহা ৯০ মাকতাবাতুল মারুফিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল