প্রশ্ন:মুহতারাম! আমার চাচার একটি গরুর খামার আছে। তিনি সেখানে নিজ খরচে ৩৭টি গরু লালন-পালন করেন। এ ছাড়া তাঁর আরও ১৫টি গরু আছে, যেগুলো মাঠে-ময়দানে চরে বেড়ায় এবং সারা বছর মাঠে চরে খাবার গ্রহণ করে।
জানার বিষয় হলো, উল্লেখিত অবস্থায় আমার চাচার ওপর যাকাতের বিধান কী? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:সাইফুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী গরু যাকাতের নেসাবভুক্ত হওয়ার জন্য তা سَائِمَة তথা বছরের অধিকাংশ সময় চারণভূমিতে বিচরণ করে আহারকারী হওয়া এবং কমপক্ষে ৩০টি হওয়া শর্ত। অন্যথায় তা যাকাতের নেসাবভুক্ত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার চাচার খামারের সায়েমা তথা বিচরণ করে আহারকারী গরু মাত্র ১৫টি হওয়ায় সেগুলোর ওপর তাঁর যাকাত আবশ্যক হবে না। এক্ষেত্রে সেগুলো নিজ খরচে লালন-পালন করা গরুর সঙ্গে যুক্ত হবে না।
অবশ্য খামারের গরুগুলো যদি ব্যবসার উদ্দেশ্যে লালন-পালন করা হয়ে থাকে, তাহলে ব্যবসায়িক পণ্য হিসেবে সেগুলোর মূল্যমানের ওপর আড়াই শতাংশ হারে যাকাত আবশ্যক হবে।
রেফারেন্স:হিদায়া, (২/১৭, মাকতাবা বুশরা)তুহফাতুল ফুকাহা, (পৃ. ১৭৮, মাকতাবা মারুফিয়া)তাতারখানিয়া, (৩/১৪৪, মাকতাবা ফারুকিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল