প্রশ্ন:মুহতারাম! আমার দাদা বার্ধক্যে উপনীত হওয়ায় নিজের যাকাতের সম্পদ নিজে হিসাব না করে অধীনস্থ কর্মচারীর মাধ্যমে হিসাব করান। এরপর তিনি নিজে যাকাতের টাকা স্পর্শ না করে ওই কর্মচারীর মাধ্যমেই গরিবদের মাঝে বিতরণের জন্য পাঠান। কিন্তু পথে ওই কর্মচারীর কাছ থেকে যাকাতের সম্পদ চুরি হয়ে যায়। জানার বিষয় হলো, যাকাতের সম্পদ নিজে পৃথক না করে অন্যের মাধ্যমে পৃথক করানো যাবে কি না? আর তা চুরি হয়ে যাওয়ায় যাকাতের হুকুম কী হবে? পুনরায় যাকাত আদায় করতে হলে কাকে আদায় করতে হবে?
নিবেদক:মুহাম্মদ আবু সালেহ, বগুড়া
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি মূলনীতি অনুযায়ী যাকাতদাতার জন্য উকিলের মাধ্যমে যাকাত আদায়ের ব্যবস্থা করার অবকাশ রয়েছে। এক্ষেত্রে উক্ত অর্থ উকিলের হাতে আমানত হিসেবে গণ্য হয়। ফলে উপযুক্ত খাতে পৌঁছানোর পূর্বেই উকিলের হাত থেকে ওই টাকা চুরি বা হারিয়ে গেলে যাকাতদাতার জন্য পুনরায় যাকাত আদায় করা আবশ্যক।
সুতরাং আপনার দাদার জন্য যাকাতের সম্পদ নিজে পৃথক না করে যাকাতের নিয়তে উকিল তথা কর্মচারীর মাধ্যমে যাকাতের পরিমাণ সম্পদ পৃথক করা এবং তাঁদের মাধ্যমে যাকাত আদায় করানো বৈধ। তবে এক্ষেত্রে ওই কর্মচারীর কাছ থেকে যাকাতের অর্থ চুরি হয়ে যাওয়ায় আপনার দাদার জন্য পুনরায় উক্ত যাকাত আদায় করা আবশ্যক।
রেফারেন্স:মুখতাসারুল কুদুরী, (পৃ. ১৫৯, মাকতাবা বুশরা)আল-ফিকহুল হানাফি, (১/৩৫৯, দারুল কলম)আদ-দুররুল মুখতার, (৩/২২২, মাকতাবা আযহার)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল